গাজীপুর কণ্ঠ ডেস্ক
নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যুর অনুরোধ নিয়ে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে ফের চিঠি পাঠিয়েছেন শেখ হাসিনার আইনজীবী। এবার চিঠির সঙ্গে হাসিনার স্বাক্ষরিত একটি অনুমোদনপত্রও যুক্ত করা হয়েছে, যাতে তাঁর পক্ষে কাজ করার বিষয়টি নিশ্চিত হয়।
যুক্তরাজ্যের আইনি পরামর্শদাতা সংস্থা ম্যাট্রিক্স চেম্বার্সের ব্যারিস্টার স্টিভেন পাওলস কেসি বৃহস্পতিবার (১৯ নভেম্বর) হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানকে ই-মেইলে চিঠিটি পাঠান।
চিঠিতে ৯ নভেম্বরের আগের চিঠির সূত্র ধরে অনুরোধের অগ্রগতি জানতে চাওয়া হয়েছে এবং “জরুরি ভিত্তিতে” জবাব দিতে বলা হয়েছে। কলকাতার সংবাদমাধ্যম আরও আনন্দের প্রতিবেদনে এ তথ্য এসেছে।

চিঠিতে পাওলস লিখেছেন, গণমাধ্যমের খবর থেকে তিনি জেনেছেন, অনুরোধটি হাইকমিশনে পৌঁছেছে। তবে তিনি যে হাসিনার পক্ষে কাজ করছেন, সে বিষয়ে নিশ্চয়তা প্রয়োজন বলেও তাঁর ধারণা। এ কারণে তিনি হাসিনার স্বাক্ষরিত অনুমোদনপত্র সংযুক্ত করেছেন।
সংযুক্ত অনুমোদনপত্রে হাসিনা নিজেকে বাংলাদেশের নাগরিক ও বর্তমানে ভারতে বসবাসরত হিসেবে উল্লেখ করেছেন। জন্মস্থান টুঙ্গিপাড়া এবং জন্মতারিখ ২৮ সেপ্টেম্বর ১৯৪৭। এতে তিনি পাওলসকে নিজের আইনি প্রতিনিধি হিসেবে উল্লেখ করে নতুন পাসপোর্ট ও এনআইডির অনুরোধ দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারের কাছে জমা দেওয়ার ক্ষমতা দিয়েছেন। নথিটির তারিখ ৯ নভেম্বর ২০২৬, অর্থাৎ প্রথম চিঠি পাঠানোর দিনের।
আরও আনন্দের প্রতিবেদন অনুযায়ী, ম্যাট্রিক্স চেম্বার্স সংবাদমাধ্যম সূত্রে জেনেছে, আগের ই-মেইল হাইকমিশন পেয়েছে। কিন্তু গত ১০ দিনে কোনো জবাব মেলেনি বলে সংস্থাটির দাবি। প্রতিবেদনে আরও বলা হয়েছে, দুটি নথি পেতে কী কী আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ করতে হবে, তাও জানতে চেয়েছে সংস্থাটি। প্রকাশিত চিঠিতে অবশ্য এ বিষয়ে আলাদা উল্লেখ দেখা যায়নি।
হাসিনার পাসপোর্ট ও এনআইডি ফেরত চাওয়ার বিষয়ে ঢাকা এখনো সাড়া দেয়নি। ৯ নভেম্বরের অনুরোধ প্রকাশ্যে আসার পর বাংলাদেশের একাধিক মন্ত্রী বলেছিলেন, তাঁকে নতুন করে পাসপোর্ট বা এনআইডি দেওয়ার প্রশ্ন নেই। সরকারের যুক্তি ছিল, হাসিনা একজন সাজাপ্রাপ্ত আসামি এবং বন্দী প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে ভারতের কাছ থেকে তাঁকে দেশে ফিরিয়ে আনা হবে।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হয়ে হাসিনা ভারতে আশ্রয় নেন। এরপর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। সেই সরকার হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের কূটনৈতিক পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র বাতিল করে। ভারতে অবস্থান করলেও বাংলাদেশের নাগরিক হিসেবে প্রয়োজনীয় নথি ফিরে পেতে তাই তাঁর কাছে বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
২০২৫ সালের ১৭ নভেম্বর জুলাই–আগস্টের গণ-অভ্যুত্থান দমনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাসিনাকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন। একই রায়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়। রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে দেওয়া হয় পাঁচ বছরের কারাদণ্ড।