জিএমপি’র নতুন কমিশনার হিসেবে যোগদান করেছেন খন্দকার লুৎফুল কবির

জিএমপি’র নতুন কমিশনার হিসেবে যোগদান করেছেন খন্দকার লুৎফুল কবির

গাজীপুর কন্ঠ ডেস্ক : গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) নতুন কমিশনার হিসেবে যোগদান করেছেন খন্দকার লুৎফুল কবির।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে তিনি নতুন কর্মস্থলে যোগ দিয়েছেন।

গত ১৬ সেপ্টেম্বর (বুধবার) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১-এর উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) নতুন কমিশনার খন্দকার লুৎফুল কবিরকে নিয়োগ দেওয়া  হয়েছিল।

মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আজাদ মিয়া জানান, গত ৩১ আগস্ট (সোমবার) গাজীপুর মহানগর পুলিশের কমিশনার মো. আনোয়ার হোসেনকে চট্টগ্রাম রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) পদে পদায়ন করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে গাজীপুর মহানগর পুলিশ কমিশনার হিসেবে তার স্থলাভিষিক্ত হন খন্দকার লুৎফুল কবির।

গাজীপুর মেট্রোপলিটনের হেডকোয়ার্টারে যোগ দেয়ার পর তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে তিনি সহকর্মীদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় করেন। এসময় জিএমপি’র উপ-কমিশনার কেএম আরিফুল ইসলাস, শরিফুর রহমান, ইলতুৎমিস প্রমূখ উপস্থিত ছিলেন।

খন্দকার লুৎফুল কবির সর্বশেষ খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে ২০১৯ সালের ১১ এপ্রিল তিনি খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার হিসেবে যোগদান করেছিলেন।

খন্দকার লুৎফুল কবির বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস ১৫ তম ব্যাচ) পরীক্ষার মাধ্যমে ১৯৯৫ সালের ১৫ই নভেম্বর পুলিশ ক্যাডারে নিয়োগপ্রাপ্ত হয়ে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন।

পরবর্তীতে তিনি সহকারী পুলিশ সুপার হিসেবে হবিগঞ্জ সদর এবং খাগড়াছড়ি পার্বত্য জেলার ডিএসবিতে দায়িত্ব পালন করেছেন।

সহকারী পরিচালক হিসেবে পুলিশ স্টাফ কলেজে এবং এএসপি হিসেবে লক্ষীপুর, নারায়নগঞ্জ ও নেত্রকোনা জেলায় সার্কেলের দায়িত্ব পালন করেছেন।

অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদোন্নতির পর তিনি আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এবং অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কুমিল্লায় দায়িত্ব পালন করেন।

এরপর পদোন্নতি পেয়ে পুলিশ সুপার হিসেবে ঝালকাঠি, খাগড়াছড়ি পার্বত্য জেলা, নোয়াখালী জেলায় এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর ও গুলশান বিভাগে উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতির পর তিনি র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নে (র‌্যাব) দায়িত্ব পালন করেন। ডিআইজি হিসেবে পদোন্নতির পর অ্যান্টি টেররিজম ইউনিটে (এটিইউ) কর্মরত ছিলেন।

এছাড়াও খন্দকার লুৎফুল কবিরকে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে কসোভো ও সাউথ সুদানে দায়িত্ব পালন করেছেন।

পুলিশের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য তিনি প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম) সেবা পদক এবং আইজিপি এক্সপ্লোরারি গুড সার্ভিস (আইজিপি ব্যাজ) পদকে ভূষিত হয়েছেন। তিনি দেশে-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

খন্দকার লুৎফুল কবির ১৯৬৯ সালের ১লা জানুয়ারী নরসিংদী পৌরসভার কান্দাপাড়া গ্রামের এক মুসলিম সমভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। নরসিংদী পাইলট হাইস্কুল ও নরসিংদী সরকারী কলেজ থেকে যথাক্রমে ১৯৮৩ ও ১৯৮৫ সালে এসএসসি ও এইচএসসি পাশ করার পরে তিনি ১৯৮৯ সালে বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটি থেকে এগ্রিকালচারাল ইকোনমিক্স বিষয়ে উচ্চতর শিক্ষা গ্রহণ সম্পন্ন করেন।

খন্দকার লুৎফুল কবিরের পিতা মৃত খন্দকার হুমায়ুন কবির এবং মাতার নাম লুৎফা বেগম। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং দুই কন্যাসন্তানের জনক।

 

আরো জানতে……….

জিএমপি’র নতুন কমিশনার খন্দকার লুৎফুল কবির

জিএমপি কমিশনার আনোয়ার হোসেনকে রেঞ্জ ডিআইজি হিসেবে চট্টগ্রামে পদায়ন

জিএমপি’র নতুন কমিশনার ডিআইজি আনোয়ার হোসেন

গাজীপুর মেট্রোপলিটনে কমিশনার নিয়োগ

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু ১৬ সেপ্টেম্বর

অনুমোদন পেল গাজীপুর মেট্রোপলিটন পুলিশের লোগো