গাজীপুর কণ্ঠ ডেস্ক : করোনায় আক্রান্ত হয়েছেন নরসিংদীর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার (বিপিএম-বার, পিপিএম)।
রবিবার (১৫ নভেম্বর) বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নরসিংদীর সিভিল সার্জন ডা. মো. নুরুল ইসলাম।
সিভিল সার্জন জানান, জ্বরে আক্রান্ত হলে শনিবার নরসিংদীর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারের নমুনা সংগ্রহ করে জেলা স্বাস্থ্য বিভাগ। পরে তার নমুনা পরীক্ষার জন্য রাজধানীর মহাখালীর ইনস্টিটিউট অব পাবলিক হেলথে (আইপিএইচ) পাঠানো হয়। শনিবার রাতে প্রাপ্ত ফলাফলে তার করোনা পজেটিভ আসে। বর্তমানে তিনি রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
যোগাযোগ করা হলে নরসিংদীর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার ফোনে জানান, জ্বর অনুভূত হওয়ায় করোনা পরীক্ষার জন্য নমুনা পরীক্ষা করি। শারীরিকভাবে কোনও জটিলতা না থাকলেও দ্রুত করোনামুক্ত হতে রবিবার (১৫ নভেম্বর) রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি হয়েছি।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় (শনিবার) পরীক্ষার জন্য ২৪ জনের নমুনা পাঠানো হয়। এতে এসপিসহ মোট ৫ জন করোনা পজেটিভি শনাক্ত হয়। এরমধ্যে সদর উপজেলায় ২ জন, মনোহরদীতে ২ জন ও রায়পুরায় ১ জন।
এ নিয়ে জেলায় মোট করোনা পজেটিভ ২৫৩৯ জন। এর মধ্যে সদর উপজেলায় মোট ১৪৭১ জন, শিবপুরে ২৬১ জন, পলাশে ২৯৪ জন, মনোহরদীতে ১৮১ জন, বেলাবোতে ১৫০ জন, রায়পুরাতে ১৭৭ জন। আইসোলেশনমুক্ত ২৪২৭ জন। হাসপাতালে আইসোলেশনে আছেন ৯ জন ও হোম আইসোলেশনে ৯৬ জন ৷ মোট মৃতের সংখ্যা ৪৫ জন।