কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিক ইমনের মৃত্যু

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জ থানা সংলগ্ন এলাকায় নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইমন হোসেন (১৮ নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইমন হোসেন কালীগঞ্জ পৌরসভা মুনসেফপুর এলাকার নজরুল ইসলামের ছেলে। সে রাজমিস্ত্রিদের সহকারী হিসেবে শ্রমিকের কাজ করতো।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কালীগঞ্জ থানা সংলগ্ন এলাকায় জসিম চৌধুরীর নির্মাণাধীন ভবনে অন্য শ্রমিকদের সঙ্গে কাজ করছিল ইমন হোসেন। কাজ শেষে সন্ধ্যায় মালপত্র গোছানো সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭ টার ইমনের মৃত্যু হয়।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সাজ্জাদ হোসেন বলেন, ‘রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ইমন হোসেনকে অজ্ঞান অবস্থায় হাসপাতালে আনা হয়। এর প্রায় আধা ঘণ্টা পর চিকিৎসাধীন অবস্থায় তার মূত্যু হয়েছে’।

নিহতের স্বজন বরাত দিয়ে তিনি আরো বলেন, ‘বিদ্যুৎ চালিত মোটরের সঙ্গে যুক্ত থাকা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়েছিল ইমন’।