গাজীপুর কণ্ঠ ডেস্ক : টঙ্গী থেকে ঢাকায় ‘টিকটক ভিডিও’তে অভিনয় করতে গিয়ে এক কিশোরী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে।
ধর্ষণের অভিযোগে দুই কিশোরকে শনিবার (২৬ ডিসেম্বর) বিকেলে গ্রেপ্তার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।
গ্রেপ্তাররা হলো রাজধানীর গেন্ডারিয়া থানার শরৎ গুপ্ত রোডের মোফাজ্জল বেপারীর ছেলে শিশির হোসেন (১৮) ও ডিস্টিলারি রোডের আনোয়ার হোসেন আকাশের ছেলে জুনায়েদ ইসলাম ফাহিম (১৮)।
জানা যায়, গ্রেপ্তার তরুণরা টঙ্গী পূর্ব থানার দত্তপাড়া থেকে সপ্তম শ্রেণীর পড়ুয়া ওই স্কুল ছাত্রীকে টিকটক ভিডিও করার জন্য ম্যাসেঞ্জারে প্রস্তাব দেয়। পরে তাকে রাজধানীর হাতিরঝিল থানার মধুবাগ এলাকার একটি ফ্ল্যাটে নিয়ে ৩ দিন আটকে রেখে সহযোগীদের নিয়ে ধর্ষণ করে। জিএমপি’র টঙ্গী পূর্ব থানা পুলিশ ও ডিএমপি’র হাতিরঝিল থানা পুলিশের সহযোগিতায় শুক্রবার রাতে কিশোরীকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ভর্তি করে।
টঙ্গী পূর্ব থানা সূত্রে জানা যায়, ধর্ষণের শিকার কিশোরী টঙ্গীর রিপাবলিক কিন্ডারগার্ডেন স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী। সে টিকটক ভিডিও তৈরি করতো। দেশের বিভিন্ন জেলায় টিকটক তৈরি করে এমন কিছু কিশোর-কিশোরীর সাথে ফেইজবুকে তার বন্ধুত্ব হয়। পরে নিজে মেসেঞ্জার গ্রুপ খুলে বিভিন্ন স্থানে থাকা বন্ধুদের এক সঙ্গে টিকটক তৈরির প্রস্তাব দিলে কিশোরী তার পরিবারকে নানার বাড়ি যাওয়ার কথা বলে গত বুধবার বিকেলে দত্তপাড়ার বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়। গত বৃহস্পতিবার কিশোরীর মা টঙ্গী পূর্ব থানায় সাধারণ ডায়েরী করেন। পরে গত শুক্রবার পুলিশ রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে কিশোরীকে উদ্ধার করে।
টঙ্গী পূর্ব থানার ওসি আমিনুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। শনিবার দুই আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। কিশোরী ও আসামীরা সকলে টিকটক ভিডিও তৈরি করতো।