গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : কাতারের রাজধানী দোহায় তিন সপ্তাহের বিরতির পর আবারো শুরু হচ্ছে আফগানিস্তানের ‘শান্তি আলোচনা’৷ প্রায় দুই দশক পর আমেরিকার অবশেষে দেশটি থেকে তাদের সেনা প্রত্যাহার করছে।
মঙ্গলবার দোহায় পৌঁছেছেন আফগান সরকারের প্রতিনিধি দল। সেখানে দুই দশকের আফগান যুদ্ধের অবসানের আলোচনা শুরু হবার কথা রয়েছে। আফগান সরকার ও তালেবানেরপ্রতিনিধিরা এ আলোচনায় যোগ দিচ্ছেন।
এর আগে প্রায় তিন মাসের আলোচনার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে সৈন্য সরিয়ে নেবার বিষয়ে তালেবানের চুক্তি হয়।
এবারের আলোচনায় নতুন আফগান সরকারেরের কাঠামো কী হবে, তা নিয়ে দুইপক্ষের মধ্যে দরকষাকষি হবে। আলোচনার কেন্দ্রে থাকবে ক্ষমতা ভাগাভাগি ও যুদ্ধবিরতি। মার্কিন সমর্থিত বর্তমান সরকারকে এখনো মেনে নেয়নি তালেবান।
নাইন-ইলেভেনের হামলার পর, অর্থাৎ ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের পর তালেবানের বিরুদ্ধে আফগানিস্তানে যুদ্ধ শুরু করেন মার্কিন সেনারা। প্রায় ২০ বছর পর তাদের সেখান থেকে ধীরে ধীরে নিজেদের সরিয়ে নেয়ার সুযোগ তৈরি হয়েছে।
‘‘তবে নতুন প্রেসিডেন্ট জো বাইডেন কী চান তার ওপরও অনেক কিছু নির্ভর করছে,” প্রতিবেদককে বলেন পশতু বিভাগের সাংবাদিক খালিদ হাকিমী। ‘‘মনে করা হচ্ছে তিনি চান না, মার্কিন সেনারা সেখান থেকে পুরোপুরি চলে আসুক।”
২০ জানুয়ারি যখন বাইডেন দায়িত্ব গ্রহণ করবেন, তখন আফগানিস্তানে মাত্র আড়াই হাজার মার্কিন সেনা থাকবে। ‘‘তাই এবারের আলোচনা গুরুত্বপূর্ণ,” যোগ করেন খালিদ। তিনি বলেন, ‘‘সামনের সময়টাতে দেখতে হবে আলোচনা কোনদিকে গড়ায়।”
তিনি জানান, আলোচনা মঙ্গলবার শুরু হবার কথা থাকলেও মূলত বুধবার সকাল থেকেই মূল আলোচনা শুরু হবে।