গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জে মূল্য তালিকা সংরক্ষণ না করা এবং কেক-এর মোড়কে উৎপাদনের তারিখ ও মেয়াদ না থাকায় দুই ব্যবসায়ীকে এবং মাস্ক ব্যতীত বাজারে ঘোরাফেরা করার দায়ে তিনজনকে মোবাইল কোর্টে ৫টি পৃথক মামলায় ১৫ হাজার ৩০০ টাকা অর্থদণ্ড দিয়েছে জেলা প্রশাসন।
রোববার (৯ মে) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের আওড়াখালী বাজারে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজা জেসমিন।
জেলা প্রশাসন ও মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, কালীগঞ্জের আওড়াখালী বাজারে সরকারি নিষেধাজ্ঞা কার্যকর ও মাস্ক পরিধানের উপর জোর প্রচারণা চালনো হয়। এছাড়াও মাস্ক ব্যতীত বাজারে ঘোরাফেরা করার দায়ে দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ৩ জনকে একশ টাকা করে মোট তিনশত টাকা জরিমানা করা হয়। অপরদিকে মূল্য তালিকা সংরক্ষণ না করা এবং কেক এর মোড়কে উৎপাদন ও মেয়াদ না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ও ৩৭ ধারা দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অপরদিকে, বাজারে নকল ব্যান্ডরোল ব্যবহার করে বিড়ির প্যাকেট প্রস্তুত, মজুদ ও বিক্রির অপরাধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা করেন বাজার কর্মকর্তা মোঃ আব্দুস সালাম ও ব্যাটালিয়ন আনসারের সদস্যরা।