গাজীপুর কণ্ঠ ডেস্ক : কিশোরগঞ্জের কটিয়াদী মডেল থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম (৪০) দায়িত্বরত অবস্থায় অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (২৭ জুলাই) দুপুরে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নিহত উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম শ্রীপুর উপজেলার তাঁতীসুতা গ্রামের বাসিন্দা।
জানা গেছে, মঙ্গলবার (২৭ জুলাই) সকালে দায়িত্ব পালনের সময় এসআই জাহাঙ্গীর আলম হঠাৎ বুকের ব্যথায় অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে চিকিৎসার জন্য কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। দুপুর পৌনে ২টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম শাহাদত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।