কাপাসিয়ায় নিজ ঘর থেকে গৃহবধূর লাশ উদ্ধার, গলায় আঘাতের চিহ্ন

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কাপাসিয়া উপজেলার রায়েদ এলাকায় নিজ ঘর থেকে মমতাজ বেগম (৩০) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার  (৫ আগস্ট) ভোরে  ওই নারীর লাশ উদ্ধার করে পুলিশ।

মমতাজ বেগম ওই এলাকার মো. ইউসুফ আলীর (৬২) স্ত্রী।

কাপাসিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মনিরুজ্জামান বলেন, বুধবার রাতে খাবার খেয়ে তিন সন্তানকে নিয়ে একই ঘরে ঘুমাতে যান মমতাজ ও ইউসুফ। রাত দেড়টার দিকে মমতাজের গোঙানির শব্দ পেয়ে সন্তানদের ঘুম ভাঙে। এ সময় তারা মায়ের গলায় ছুরির আঘাতের চিহ্ন দেখতে পায়। পরে মমতাজকে উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মমতাজের ঘরের টেবিল থেকে একটি ছুরি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার স্বামীকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান মনিরুজ্জামান।

লাশ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।