বরখাস্ত মেয়র জাহাঙ্গীরের বিরুদ্ধে এবার মাদারীপুর ও পঞ্চগড় আদালতে মামলা

গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদ থেকে সদ্য সাময়িক বরখাস্ত হওয়া জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে এবার মাদারীপুর ও পঞ্চগড় আদালতে পৃথক দুইটি মামলা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) মাদারীপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক বাবুল আখতার এবং বীর মুক্তিযোদ্ধার সন্তান, পঞ্চগড় জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ‘মানবিক বাংলাদেশ সোসাইটি’ পঞ্চগড় জেলা শাখার সভাপতি আশিকুজ্জামান বাদী হয়ে পৃথক দুইটি মামলা করেন।

মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে এই মামলা হয় বলে সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মো. সিদ্দিকুর রহমান এবং পঞ্চগড়ের আশিকুজ্জামানের পক্ষের আইনজীবী আরাফাত হোসেন।

এর আগে গত ২৩ নভেম্বর (মঙ্গলবার) বাংলাদেশ মানবাধিকার সোসাইটি রাজবাড়ীর পৌরসভা শাখার সভাপতি শশি আক্তার বাদী হয়ে রাজবাড়ী আদালতে একটি মামলা করেন।

মাদারীপুর
মামলার এজাহার ও আদালত সূত্র জানায়, মাদারীপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন করেন বাদী। আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম বিষয়টি তদন্ত করে আগামী ১২ জানুয়ারির মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) আদেশ দিয়েছেন।

পিপি মো. সিদ্দিকুর রহমান সংবাদ মাধ্যমকে বলেন, গাজীপুর সিটির মেয়র জাহাঙ্গীর বঙ্গবন্ধুকে নিয়ে অপ্রীতিকর কথা বলেছেন। তিনি বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ নিয়ে উসকানিমূলক বক্তব্য দিয়ে ইতিহাস বিকৃত করেছেন। বিবাদী মহান মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা নিয়েও বিভ্রান্তি ছড়িয়েছেন। তাঁর এরূপ বক্তব্যের কারণে সব শ্রেণি–পেশার মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে এবং মানুষ বিভিন্নভাবে বিভক্ত হয়ে একে অপরের ওপর আক্রমণ করার সমূহ সম্ভাবনা রয়েছে। এসব কারণে বাদী দণ্ডবিধির ৫০৪, ৫০৫ ও ৫০৫ (ক) ধারায় মামলা হয়েছে। আদালতের বিচারক মামলাটি আমলে নিয়েছেন। এ বিষয়ে পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

মামলার বাদী মাদারীপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক বাবুল আখতার সংবাদ মাধ্যমকে বলেন, ‘গাজীপুরে সিটি মেয়র জাহাঙ্গীর আলমের বক্তব্যের কারণে আমাদের জাতির পিতা ও মহান স্বাধীনতার চেতনাকে অবজ্ঞা করা হয়েছে। তাই আমরা তাঁর বিচারের দাবিতে আদালতের শরণাপন্ন হয়েছি।’

পঞ্চগড়

আদালত সূত্রে জানা যায়, মামলাটি আমলে নিয়ে পঞ্চগড়ের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হ‌ুমায়ূন কবির সরকার সিআইডিকে তদন্ত করে আগামী ৫ জানুয়ারির মধ্যে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

বাদীপক্ষের আইনজীবী আরাফাত হোসেন সংবাদ মাধ্যমকে বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করে বক্তব্য দিয়েছেন বিবাদী। তিনি বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ নিয়ে উসকানিমূলক বক্তব্য দিয়ে ইতিহাস বিকৃত করেছেন। বিবাদী মহান মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা নিয়েও বিভ্রান্তি ছড়িয়েছেন। এতে সমাজে বিশৃঙ্খলার আশঙ্কা তৈরি হয়েছে। একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে বাদী নৈতিকতার স্থান থেকে এ মামলাটি করেছেন। বাদী দণ্ডবিধির ৫০৪, ৫০৫ ও ৫০৫ (এ) ধারায় গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মামলা করেছেন। আদালতের বিচারক সন্তুষ্ট হয়ে মামলাটি আমলে নিয়েছেন। এ বিষয়ে আদালত সিআইডিকে তদন্ত করে আগামী ৫ জানুয়ারির মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

 

এ সংক্রান্ত আরো জানতে……

মেয়র জাহাঙ্গীরের বিরুদ্ধে বাংলাদেশ মানবাধিকার সোসাইটি’র মামলা

গাজীপুর সিটি করপোরেশনে তিন সদস্যের প্যানেল মেয়র গঠন করে প্রজ্ঞাপন জারি

মেয়র জাহাঙ্গীর সাময়িক বরখাস্ত, ৩ সদস্যের প্যানেল মেয়র গঠন