শপথ অনুষ্ঠানের ডায়াসে ‘মুজিববর্ষ’ বানানেও ভুল!

গাজীপুর কণ্ঠ ডেস্ক : স্বাধীনতার সুবর্ঞ্জয়ন্তী ও মুজিববর্ষের শপথ অনুষ্ঠানের যে ডায়াস দাঁড়িয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শপথ বাক্য পাঠ করেছেন সেখানে ‘মুজিববর্ষ’ বানানটি ছিল ভুল। ‘সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের শপথ’-এর পরিবর্তে লেখা ছিল ‘সুবর্ণজয়ন্তী ও মুজিবর্ষের শপথ’, অর্থাৎ মুজিববর্ষের মাঝখানের একটি ‘ব’ সেখানে নেই।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) বিকাল সাড়ে চারটার দিকে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষের অনুষ্ঠানে গোটা জাতিকে নিয়ে এ শপথ পাঠ করেন বঙ্গবন্ধুর মেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ডায়াসে মুজিববর্ষ বানানে ভুল নিয়ে তাৎক্ষণিক সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় তুলেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। কেউ কেউ লিখেছেন, এমন গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠানে বানান ভুল মেনে নেওয়া যায় না।

বানান ভুলকে কেন্দ্র করে দেব জ্যোতি ভক্ত নামে একজন ফেসবুক পোস্টে লিখেছেন, ‘মুজিব বর্ষের শপথ? না কি মুজিবর্ষের শপথ? এতো বড়ো ভুল হয়তো বড়ো বড়ো মানুষের চোখে পড়ে না!’

ওই পোস্টে সাইফুল ইসলাম স্বাধীন নামে একজন মন্তব্য করেছেন, ‘খুবই দুঃখজনক! দাদা ভাষা হারিয়ে ফেললাম মন্তব্য করার মত! এতদিনের এত পরিকল্পিত একটা প্রোগ্রাম এর যদি এই হাল হয় তাহলে আর কি বা বলার আছে! কাদেরকে এই সব অনুষ্ঠানের দায়িত্ব দেয়া হয় কারা মনিটরিং করে আল্লাহ্ ভালো জানেন!’

মো. সোহেল রানা নামে একজন মন্তব্য করেছেন, ‘তদন্ত করে শাস্তির আওতায় আনা হোক!’

মুক্তিযুদ্ধ মঞ্চের যুগ্ম সাধারণ সম্পাদক শুভ্র মাহমুদ লিখেছেন, ‘ইভেন্ট আয়োজক নামক ধান্দাবাজদের মাথায় যখন আদর্শের চেয়ে টাকার ধান্দা বেশি ঘুরে তখন ‘‘মুজিবর্ষ’’ লিখাটা অস্বাভাবিক না। লজ্জিত পিতা!’