আমলাতান্ত্রিক চক্রে বাধাগ্রস্ত রাষ্ট্রসংস্কার: টিআইবি

অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে বর্তমান সরকার বেশ কয়েকটি আইনে পরিণত করেছে।

আমলাতান্ত্রিক চক্রে বাধাগ্রস্ত রাষ্ট্রসংস্কার: টিআইবি

গাজীপুর কণ্ঠ ডেস্ক

জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের এক বছর পরও রাষ্ট্রসংস্কারে কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি। ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক প্রভাবের কারণে সংস্কারের সম্ভাবনা বাধাগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

শুক্রবার (১৬ অক্টোবর) এক বিবৃতিতে সংস্থাটি জানায়, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠার যে সম্ভাবনা তৈরি হয়েছিল, তা এখন অনিশ্চয়তায় পড়েছে। অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা ও সাহসের ঘাটতি, আমলাতান্ত্রিক প্রতিরোধের সঙ্গে আপস এবং রাজনৈতিক দলগুলোর দলীয় স্বার্থ রাষ্ট্রসংস্কারের পথ সংকুচিত করেছে।

টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, নির্বাচনে জয়ী দলের সংসদ সদস্যরা জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার করলেও প্রস্তাবিত সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি। এতে রাষ্ট্রসংস্কার ও জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে বর্তমান সরকার বেশ কয়েকটি আইনে পরিণত করেছে। নির্বাহী বিভাগের ক্ষমতা বাড়ানো অধ্যাদেশগুলো পাস হলেও জবাবদিহি প্রতিষ্ঠায় সহায়ক কিছু অধ্যাদেশ বাতিল বা স্থগিত করা হয়েছে। এতে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠার পথ বাধাগ্রস্ত হচ্ছে।

ইফতেখারুজ্জামান আরও বলেন, সুপ্রিম কোর্ট সচিবালয় ও বিচারক নিয়োগসংক্রান্ত অধ্যাদেশ বাতিল করে সরকার বিচার বিভাগের স্বাধীনতা প্রতিষ্ঠার উদ্যোগ থেকে সরে এসেছে। দুদক সংশোধন অধ্যাদেশের প্রয়োজনীয় পরিবর্তন না করে ২০০৪ সালের পুরোনো আইনে ফিরে যাওয়ায় সংস্থাটির প্রতি আস্থা ফেরানোর সুযোগও বাধাগ্রস্ত হয়েছে।

জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ বাতিল করে নতুন আইন প্রণয়নকে স্বাধীন ও কার্যকর কমিশন প্রতিষ্ঠার জনআকাঙ্ক্ষার পরিপন্থী বলে মন্তব্য করেন তিনি। তার অভিযোগ, গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ বাতিল করে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত সংস্থাগুলোকে সুরক্ষা দেওয়া হয়েছে। র‍্যাব বিলুপ্তির পরিবর্তে নতুন নামে সংস্থাটিকে আরও ক্ষমতাশালী করা হয়েছে।

তিনি আরও বলেন, স্বাধীন পুলিশ কমিশন গঠনে ঐকমত্য থাকলেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি। নির্বাচিত জনপ্রতিনিধিদের সম্পদের বিবরণী প্রকাশ ও নিয়মিত হালনাগাদের বিষয়েও অগ্রগতি নেই। এসব পদক্ষেপের মাধ্যমে সরকার নির্বাহী বিভাগের জবাবদিহি নিশ্চিত করার পরিবর্তে জবাবদিহিহীন ক্ষমতাকাঠামোর দিকে এগোচ্ছে।

ইফতেখারুজ্জামান বলেন, অতীতে বিচার বিভাগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, দুদক ও মানবাধিকার কমিশনসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে দলীয়করণের পরিণতি রাজনৈতিক দলগুলো দ্রুত ভুলে গেছে। ক্ষমতাসীন দল সংখ্যাগরিষ্ঠতার জোরে একচ্ছত্র ক্ষমতা চর্চা করছে, অন্যদিকে বিরোধী জোটও দলীয় স্বার্থে ব্যস্ত।

বিবৃতিতে টিআইবি সব রাজনৈতিক দলকে গণতন্ত্র, সুশাসন ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং কর্তৃত্ববাদী শাসনের পুনরাবৃত্তি ঠেকাতে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছে।