গাজীপুর কণ্ঠ ডেস্ক
ভারতের রাজধানী দিল্লিতে প্রস্তাবিত ‘লেহরা দো তিরঙ্গা’ পদযাত্রায় যোগ দেওয়ার জন্য বাড়ি থেকে বের হয়েই পুলিশের হাতে হয়েছেন অভিজিৎ দিপকে। পরে তিরঙ্গা পদযাত্রার নেতৃত্ব দেওয়ার সময় নেহা বোরাকেও পুলিশ হেফজতে নেওয়া হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) কর্মসূচি শুরু হওয়ার ঠিক আগমুহুর্তে কাকরচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা দিপকে এবং অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (এআইএসএ) নেত্রী নেহাকে আটক করে পুলিশ।
পুর্বনির্ধারিত পদযাত্রায় অংশ নিতে কনট প্লেসে যাওয়ার পথে অভিজিৎ দিপকেকে আটক করা হয়। অন্যদিকে, মান্দি হাউস এলাকা থেকে পদযাত্রা শুরুর পরপরই আটক করা হয় এআইএসএ নেত্রী নেহা বোরাকে।
এর আগে দিল্লি পুলিশের পক্ষ থেকে দিপকেকে নোটিশ দেওয়া হয়েছিল। সেখানে স্পষ্ট জানানো হয়, কনট প্লেস কোনো অনুমোদিত প্রতিবাদের স্থান নয়। ফলে সেখানে কোনো ধরনের পদযাত্রা না করার নির্দেশ দেওয়া হয়।
মূলত প্রতিবাদের ঐতিহ্যবাহী স্থান হিসেবে যন্তর মন্তরের মর্যাদা বাতিলের পরও গত ১৩ অক্টোবর সেখানে প্রবেশ করে জাতীয় পতাকা উন্মোচন করেন সিজেপির দুই সহ-আহ্বায়ক সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা। পুলিশ তাদের গ্রেপ্তার করে পাঁচ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠায়। কারারুদ্ধ এই দুই নেতার মুক্তি ও প্রতিবাদের অধিকার নিশ্চিতের দাবিতেই এই আন্দোলনের ডাক দেওয়া হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দিল্লির লুটিয়েন্স ও কনট প্লেস এলাকায় ৬ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েনের পরিকল্পনা করেছে দিল্লি পুলিশ। এর পাশাপাশি অন্যান্য জেলা থেকে আরও ৫ হাজার অতিরিক্ত পুলিশ সদস্যকে প্রস্তুত রাখা হয়েছে।
রাজীব চক, কনট প্লেস মার্কেট, সেন্ট্রাল পার্ক, নিকটবর্তী মেট্রো স্টেশন, যন্তর মন্তর এবং পালিকা বাজার এলাকায় ব্যাপক নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।
তবে দিল্লিতে কড়াকড়ি থাকলেও মুম্বাইয়ের আজাদ ময়দানে সিজেপিকে লেহরা দো তিরঙ্গা পদযাত্রা পালনের অনুমতি দিয়েছে স্থানীয় পুলিশ। কারাবন্দী দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কার সঙ্গে সংহতি জানাতে সকাল ১০টা থেকে সেখানে এই সমাবেশ আয়োজনের কথা রয়েছে।
দিল্লিতে সিজেপির ‘লেহরা দো তিরঙ্গা’ পদযাত্রা
সহ-আহ্বায়ক সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা গ্রেপ্তারের পর গত মঙ্গলবার সকালে দিল্লিতে তিরঙ্গা পদযাত্রার ঘোষণা দেন অভিজিৎ দিপকে। বৈষম্যবিরোধী আন্দোলনকারী, ছাত্র সংগঠন ও অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির (এএপি) নেতাদের সাথে নিয়ে শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৫টায় এই পদযাত্রা শুরু করার কথা ছিল তার।
দিল্লি পুলিশের পিআর ও নেহা যাদব জানিয়েছেন, এই পদযাত্রার কোনো অনুমতি দেওয়া হয়নি এবং নিউ দিল্লি এলাকায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস) ১৬৩ ধারা জারি করা হয়েছে। তবে নির্দিষ্ট সংখ্যক লোককে উপযুক্ত স্থানে পদযাত্রা করার অনুমতি দেওয়া যেতে পারে বলে জানান তিনি।
চলমান নজরদারি জোরদার করতে সেন্ট্রাল পার্ক ও রাজীব চক এলাকাসহ বিভিন্ন সংবেদনশীল পয়েন্টে ১০টিরও বেশি উচ্চপ্রযুক্তির সিসিটিভি ক্যামেরা স্থাপন করেছে পুলিশ।