গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পদ থেকে বহিষ্কৃত জাহাঙ্গীর সরকারকে এক নারী ও ইয়াবাসহ গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (২৯ ডিসেম্বর) দুপুরে ঢাকার গাবতলী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মশিউর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন, জাহাঙ্গীরের সঙ্গে আলিয়া আক্তার রিয়া নামে এক নারীকেও গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। গত ১৮ ডিসেম্বর যাত্রাবাড়ীর গোলাপবাগ এলাকায় প্রাইভেটকারের ভেতরে ২০ হাজার পিস ইয়াবা জব্দ করে ডিবি। ওই সময় হাতেনাতে গ্রেপ্তার করা হয় জাহাঙ্গীরের প্রাইভেটকার চালকসহ তার চার সহযোগীকে। এর পরই বেরিয়ে আসে ওই চালানটি ছাত্রলীগ নেতা জাহাঙ্গীরের। এরই মধ্যে তাকে আসামি করে মামলা করা হয়।
ইয়াবা চক্রে জড়িত থাকায় সংগঠন থেকে জাহাঙ্গীরকে বহিষ্কার করা হয়।
জানা গেছে, গাজীপুর জেলা ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর সরকারের ইয়াবা চক্রের খোঁজ নিতে গিয়ে ‘হাউস পার্টি’র আড়ালে লোকজনকে ফাঁসানোর একটি সংঘবদ্ধ চক্রেরও তথ্য পেয়েছিল আইনশৃঙ্খলা বাহিনী। গাজীপুর ছাড়াও আশুলিয়া, ময়মনসিংহ ও ঢাকার উত্তরা এলাকায় তাদের আস্তানা রয়েছে। নাচ, গানের পার্টির আড়ালে এই চক্রের নারী সদস্যদের কক্সবাজার থেকে ইয়াবা বহন করার কাজে ব্যবহার করা হতো। জাহাঙ্গীর ছাড়াও তার আরেক ভাই আলমগীর সরকার এর সঙ্গে জড়িত বলে তথ্য পেয়েছে পুলিশ।
গাজীপুর জেলা ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর সরকারের ইয়াবা চক্রে এক নারীসহ অন্তত ১৩ জনের নাম পাওয়া যায়। এর মধ্যে জোনাকি নামের একজন নারীও রয়েছেন। তিন ধাপে তাদের ব্যবহার করে কক্সবাজার থেকে ইয়াবার চালান এনে খুচরা কারবারিদের হাতে পৌঁছে দেওয়া হতো। বড়িপ্রতি ১০ টাকা কমিশন দিয়ে কলেজছাত্রদের বাহক হিসেবে ব্যবহার করতেন জাহাঙ্গীর। তার হয়ে এই সিন্ডিকেটে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন রুবেল খান নীরব, মো. মহসিন ও জোনাকি।
সূত্র: সমকাল