গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশটির পারমাণবিক প্রতিরোধ বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দিয়েছেন।
রোববার (২৭ ফেব্রুয়ারি) এক টেলিভিশন বার্তায় তিনি এই তথ্য জানান।
পুতিন বলেন, ‘‘আমি প্রতিরক্ষামন্ত্রী এবং সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফকে নির্দেশ দিয়েছি যাতে রুশ পরমাণু প্রতিরোধ বাহিনীকে বিশেষ যুদ্ধাবস্থার প্রস্তুতিতে রাখা হয়।’’
রাশিয়ার বিরুদ্ধে একযোগে পশ্চিমাদেশগুলোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের পর এই পদক্ষেপ নিলেন পুতিন।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় হোয়াইট হাউস জানিয়েছে, এর মধ্য দিয়ে পুতিন নতুন করে হুমকি তৈরির চেষ্টা করছেন।
হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি এবিসি টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে বলেন, ‘‘আমরা তার এমন কর্মকাণ্ড বরাবরই লক্ষ্য করেছি৷ কোন সময়ই ন্যাটো রাশিয়ার জন্য হুমকি ছিল না। এর সবই প্রেসিডেন্ট পুতিনের কর্মপদ্ধতি এবং আমরা এর জন্য তৈরি আছি৷ আমাদের নিজেদের রক্ষার ক্ষমতা রয়েছে।’’
ন্যাটো প্রধান ইয়েন্স শ্টলটেনব্যার্গ সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে, এগুলো পুতিনের ‘আক্রমণাত্মক কথাবার্তা’ বলে খারিজ করে দিয়েছেন।
প্রতিক্রিয়া জানিয়েছে ইউক্রেনও। দেশটির পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা বলেন, পুতিন যদি ইউক্রেনের বিপক্ষে পরমাণু অস্ত্র ব্যবহার করে সেটা হবে গোটা বিশ্বের জন্য বিপর্যয়। কিন্তু এতে ইউক্রেন ভেঙ্গে পড়বে না বলেও অভিহিত করেন তিনি। দুই পক্ষ আলোচনায় রাজি হওয়ার পর পুতিনের এমন বার্তায় ইউক্রেন চাপে পড়ছে না বলেও জানান তিনি।