গাজীপুর কণ্ঠ ডেস্ক : বন্ধুর মোটরসাইকেল নিয়ে সিগারেট কিনতে বাড়ি থেকে বের হয়ে ট্রাক চাপায় প্রাণ গেল জসিম উদ্দিন (২৮) নামে এক যুবকের।
কালীগঞ্জের রাথুরা দর্জিবাড়ি এলাকায় মঙ্গলবার (১৫ মার্চ) সকালে ঢাকা বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটেছে।
সত্যতা নিশ্চিত করেছেন গাজীপুর হাইওয়ে পুলিশের নাওজোড় থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ মো মুস্তাফিজুর রহমান (পিপিএম)।
নিহত জসিম উদ্দিন নাগরী ইউনিয়নের গলান এলাকার মোসলেহ উদ্দিনের ছেলে। তিনি পেশায় আটো রিকসা চালক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জসিম উদ্দিন সকালে ছয়টার দিকে সিগারেট কিনতে তার বন্ধুর মোটরসাইকেল নিয়ে ঢাকা বাইপাস সড়ক ধরে উলুখোলা এলাকার দিকে যায়। পরে ফেরার পথে রাথুরা দর্জিবাড়ি এলাকায় পৌঁছালে পেছনে থেকে আসা কাঞ্চনগামী একটি ট্রাক তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই জসিমের মৃত্যু হয়। দুর্ঘটনার পর ঘাতক চালক ট্রাক ফেলে পালিয়ে যায়।
হাইওয়ে পুলিশের নাওজোড় থানার উপপরিদর্শক (এসআই) ফরিদুজ্জামান বলেন, খবর পেয়ে দুপুর সাড়ে ১২টার দিকে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাক (নোয়াখালী-ট:১১-০১৪৫) জব্দ করা হয়েছে। ট্রাকের চালককে আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।
এসআই ফরিদুজ্জামান আরো বলেন, আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তেই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।