স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর তার ওড়না দিয়েই ফাঁস নিয়ে স্বামীর আত্মহত্যা

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কাপাসিয়ায় স্ত্রীকে গলা টিপে শ্বাসরোধে হত্যার পর তারই ওড়না দিয়ে ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে স্বামী।

সোমবার দুপুরের দিকে  উপজেলার টোক ইউনিয়নের আড়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্যে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে পাঠিয়েছে।

নিহতরা হলেন- কাপাসিয়ার বড়চালা গ্রামের মনির হোসেনের ছেলে অটোরিকশা চালক রিমন (২১) এবং তার স্ত্রী একই উপজেলার আড়ালিয়া খাঁপাড়া এলাকার ফজলুর রহমানের মেয়ে ফাহিমা (১৮)।

কাপাসিয়া থানার ইন্সপেক্টর (অপারেশন) মোঃ মনিরুজ্জামান খান জানান, প্রায় ৯ মাস আগে রিমন ও ফাহিমার পারিবারিকভাবে বিয়ে হয়। রোববার রিমন শ্বশুরবাড়িতে বেড়াতে আসে। সোমবার সকালে তারা ঘুম থেকে ওঠে পরে সকাল সাড়ে ১০ টার পরে ফের তারা ঘরে ভিতরে যায়। এরপর দুপুর ১২ টার দিকে বাড়ির লোকজন ঘরের দরজা বন্ধ ও তাদের ডাকাডাকি করে সাড়া না পেয়ে দরজা ভেঙ্গে ফাহিমাকে খাঁটে মৃত অবস্থায় ও লিমনকে তার স্ত্রীর ওড়না দিয়ে ঘরের ধরনায় ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে থানায় খবর দেয়।

তিনি আরো জনান, ফাহিমার গলায় আঘাতের চিহ্ন দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে স্বামী তার স্ত্রীকে গলা টিপে হত্যার পর নিজে স্ত্রীর ওড়না দিয়ে ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে।

এ ব্যাপারে থানায় পৃথক দুটি মামলা প্রক্রিয়াধীন।