গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : কলকাতায় বাংলাদেশ উপদূতাবাসের সামনে পার্ক সার্কাস অঞ্চলে দিনে দুপুরে গুলি চালাল নিরাপত্তা রক্ষার দায়িত্বে নিরাপত্তারক্ষী। মৃত অন্তত দুই। আহত বেশ কয়েকজন।
শুক্রবার (১০ জুন) দুপুরে আচমকাই গুলি চলল কলকাতার পার্ক সার্কাস অঞ্চলে।
পার্ক সার্কাস মোড়ে বেকবাগান ক্রসিংয়ের ঠিক পাশে বাংলাদেশ উপদূতাবাস। তার অনতিদূরে এই ঘটনা ঘটেছে। এখনো পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, বাংলাদেশ উপদূতাবাসের দায়িত্বে থাকা এক নিরাপত্তারক্ষী নিজের রাইফেল থেকে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে। উপদূতাবাসের আউটপোস্টে ছিলেন তিনি। ঘটনাস্থলেই এক নারীর মৃত্যু হয়। পরে ওই নিরাপত্তারক্ষী নিজেকেও গুলি করে আত্মঘাতী হয়।
শুক্রবার নামাজের পর পার্ক সার্কাসে একটি মিছিল বার হয়েছিল। সম্প্রতি বিজেপি মুখপাত্র নুপূর শর্মার করা মন্তব্যের বিরুদ্ধে ওই মিছিল বার হয়। তার অনতিদূরেই বাংলাদেশ উপদূতাবাস। সেখানে কোনো গোলমাল হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আচমকাই ওই নিরাপত্তারক্ষী গুলি চালাতে শুরু করে। ১০ থেকে ১৫ রাউন্ড গুলি চালায় সে। পুলিশের প্রাথমিক অনুমান মানসিক ভারসাম্য হারিয়ে একাজ করেছে সে। গুলি চালানোর সময় সামনে দিয়ে একটি স্কুটি যাচ্ছিল। সেই স্কুটির পিছনে সওয়ার ছিলেন এক নারী। তার পিঠে গুলি লাগে। ঘটনাস্থলেই নিহত হন তিনি। আরো বেশ কয়েকজন আহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। শেষে ওই পুলিশকর্মীও আত্মঘাতী হন। পুলিশ মৃতদেহ চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজে নিয়ে গেছে। আহতদেরও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার প্রবীন ত্রিপাঠী বলেন, ‘‘চোডুপ লেপচা সম্ভবত মানসিক অবসাদে ভুগছিলেন। সেই কারণেই তিনি এলোপাথাড়ি গুলি চালিয়ে নিজেও আত্মঘাতী হয়েছে।’’