গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : শ্রীলঙ্কায় অর্থনৈতিক সঙ্কটের কারণে প্রভাবিত প্রান্তিক এবং দুর্বল সম্প্রদায়ের মানুষের প্রয়োজন মেটাতে জরুরি সহায়তার অংশ হিসেবে দেশটিকে ৬ মিলিয়ন ডলার (৫৫ কোটি টাকার বেশি) দেওয়া হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।
বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র এমন ঘোষণা দিয়েছে নিশ্চিত করে শ্রীলঙ্কার ইংরেজি দৈনিক ডেইলি মিরর এর এক প্রতিবেদনে বলা হয়ঃ কলম্বোতে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস বলেছে, এই নতুন তহবিলের মাধ্যমে শ্রীলঙ্কা সরকারকে প্রযুক্তিগত সহায়তাও প্রদান করা হবে যাতে প্রত্যাশিত আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর প্যাকেজের সাথে সামঞ্জস্য রেখে দেশটির অর্থনীতিকে স্থিতিশীল করার জন্য অর্থনৈতিক সংস্কারমূলক পদক্ষেপগুলো বাস্তবায়ন করা যায়।
ওদিকে, শ্রীলঙ্কায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জুলি চুং বলেছেন, “যুক্তরাষ্ট্র শ্রীলঙ্কার জনগণকে সমর্থন করতে প্রতিশ্রুতিবদ্ধ কারণ তারা আজ অর্থনৈতিক ও রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করছে।” দীর্ঘদিনের উন্নয়ন অংশীদার হিসেবে যুক্তরাষ্ট্র শ্রীলঙ্কার টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সুশাসনকে উৎসাহিত করতে এ ধরনের প্রচেষ্টা ভবিষ্যতেও চালিয়ে যাবে বলে জানান রাষ্ট্রদূত জুলি চুং।