মুন্সীগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষ: আহত যুবদল কর্মী শাওনের মৃত্যু

মুন্সীগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষ: আহত যুবদল কর্মী শাওনের মৃত্যু

গাজীপুর কণ্ঠ ডেস্ক : মুন্সীগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় আহত যুবদল কর্মী শাওন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) রাত ৮টা ৪০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

হাসপাতালে শাওনের বন্ধু নাহিদ খান জানান, শাওন গাড়ি চালক ছিলেন। তিনি বিএনপির সমাবেশে গিয়ে মাথায় আঘাত পান। তার বাড়ি মুন্সিগঞ্জের মিরকাদিম পৌরসভার মুরমা গ্রামে। বাবার নাম মো. সোহরাব আলী।

বুধবার বিকেল ৩টার পর মুক্তারপুরে পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। প্রায় ৪০-৫০ মিনিট ধরে চলে সংঘর্ষ। এতে ৩০ জন পুলিশ সদস্যসহ কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিনহাজ উল ইসলামও রয়েছেন।

জেলা পুলিশ সুপার (এসপি) আব্দুল্লাহ আল মামুন সংবাদ মাধ্যমকে বলেন, ‘পুলিশ বিএনপির নেতাকর্মীদের মিছিল করতে মানা করলে তারা অতর্কিত হামলা চালায়। এ ঘটনায় ৩০ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। গুলি ছোড়া হয়েছে কয়েক রাউন্ড। আহতদের অনেকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।’