গাজীপুর কণ্ঠ ডেস্ক : স্মার্ট প্রশাসন ও পুলিশ বাহিনী গড়ে তোলা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, ‘পদ্মা সেতু নির্মাণ করে বিশ্বকে আমরা দেখিয়ে দিয়েছি যে বাংলাদেশও পারে, বাংলাদেশকে আর কেউ দাবায়ে রাখতে পারবে না। নির্বাচনের ইশতেহার আমরা বাস্তবায়ন করেছি। এবার স্মার্ট বাংলাদেশ গড়ার পালা। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে স্মার্ট দেশ। স্মার্ট প্রশাসন ও স্মার্ট পুলিশ বাহিনীও গড়ে তোলা হবে।’
রোববার (২৯ জানুয়ারি) রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৩৮তম বিসিএস ব্যাচের সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে সাহসী ভূমিকা রেখেছে পুলিশ। এই সফলতা বিশ্বের বিভিন্ন দেশেও প্রশংসিত হয়েছে। ৯৯৯ চালুর পর থেকে ব্যাপক সাড়া পড়েছে। এই নম্বরে ফোন করে মানুষ সহজেই বিপদে-আপদে পুলিশের সহযোগিতা পাচ্ছে।’
তবে পুলিশকে মানুষের আরও আস্থা অর্জন করতে হবে। মানুষ বিপদে পড়লে যেন পুলিশের সহযোগিতা সহজেই পায়।
ডিজিটাল বাংলাদেশ গড়ার সফলতার কথা উল্লেখ করে সরকার প্রধান বলেন, প্রযুক্তি ব্যবহারে পুলিশ এখন দক্ষতা দেখাচ্ছে। এর ফলে অনেক অপরাধও কমে এসেছে।
গত ১৪ বছরের সরকারের নানা উন্নয়নের কথা স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। এই উন্নয়ন সমানভাবে তৃণমূলে পৌঁছে দিয়েছি। তবে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা চলছে এই মন্দা থেকে জনগণকে রক্ষা করতে হবে। কৃষি উৎপাদন বাড়াতে হবে। এক ইঞ্চি জমিও যাতে পড়ে না থাকে, সে বিষয়ে উদ্যোগী হতে হবে।’
নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন হয়েছে উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে সমৃদ্ধ করতে চাই বাংলাদেশকে আর কেউ দাবায়ে রাখতে পারবে না।’
জনগণের সমস্যাকে আন্তরিক ও মানবিক দৃষ্টিকোণ থেকে দেখার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের মনে পুলিশ সম্পর্কে যেন অমূলক ভীতি না থাকে সেজন্য জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তুলতে হবে।
মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে পুলিশের নবীণ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান তিনি।
এই কুচকাওয়াজে প্যারেড অ্যাডজুটেন্ট সহকারী পুলিশ সুপার ইয়াকুব হোসেন এবং শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার শুভ্র দেব প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন।
অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, পুলিশ একাডেমির প্রিন্সিপাল আবু হাসান মুহম্মদ তারিকসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা, নবীন অফিসারদের অভিভাবকসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।