গাজীপুর কণ্ঠ ডেস্ক : প্রাণ কোম্পানির একটি কাভার্ডভ্যানের চাপায় খন্দকার রবিউল ইসলাম (২৭) নামে কনফিডেন্স গ্রুপের এক কর্মকর্তা নিহত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে পূবাইল প্রেসক্লাবের সামনে ঢাকা বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রবিউল টাঙ্গাইলের গোপালপুর উপজেলার কাহেতা গ্রামের খোন্দকার জয়নাল আবদীনের ছেলে।
নিহতের খালাত ভাই সোহেল রানা জানান, রবিউল কনফিডেন্স গ্রুপে টেরিটরি সেলস অফিসার (টিএসও) পদে কর্মরত ছিল। সে টঙ্গীতে বাড়া বাসায় থাকত।
জিএমপি’র পূবাইল থানার এসআই দিদারুল আলম জানান, দুপুর দেড়টার দিকে ঢাকা বাইপাস সড়ক দিয়ে মোটরসাইকেলযোগে মিরের বাজারের দিকে যাওয়ার পথে পূবাইল প্রেসক্লাবের সামনে (মিরেরগাঁও এলাকায়) পৌঁছালে বিপরীতদিক থেকে আসা প্রাণ গ্রুপের একটি কাভার্ডভ্যান রবিউলকে চাপা দেয়, এতে ঘটনাস্থলেই তিনি মারা যায়। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ঘাতক কাভার্ডভ্যানটি জব্দ করে চালক বাবুল মিয়াকে (৪০) আটক করা হয়েছে।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।