গোপালগঞ্জের পর গাজীপুরসহ আরও ২৯ জেলায় কর্মসূচির প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ

কর্মসূচি সফল করতে ভারতের কলকাতায় অবস্থানরত দলটির কয়েকশ নেতা-কর্মী নিয়মিত বৈঠক করছেন। এসব বৈঠকে কেন্দ্রীয় নেতারাও যুক্ত হয়ে নির্দেশনা দিচ্ছেন।

গোপালগঞ্জের পর গাজীপুরসহ আরও ২৯ জেলায় কর্মসূচির প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ

গাজীপুর কণ্ঠ ডেস্ক

আগামী বৃহস্পতিবার অনলাইনে ‘লকডাউন’ কর্মসূচি ঘোষণার কথা জানিয়েছে আওয়ামী লীগ। 

দলটির নেতাদের বরাত দিয়ে টাইমস অফ বাংলাদেশ জানিয়েছে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে ঘিরে গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংস ঘটনার পর এখন গাজীপুরসহ আরও ২৯টি জেলায় তারা মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে।

টাইমস অফ বাংলাদেশের প্রতিবেদনে বলা হয়েছে, কর্মসূচি সফল করতে ভারতের কলকাতায় অবস্থানরত দলটির কয়েকশ নেতা-কর্মী নিয়মিত বৈঠক করছেন। এসব বৈঠকে কেন্দ্রীয় নেতারাও যুক্ত হয়ে নির্দেশনা দিচ্ছেন।

কলকাতায় থাকা আওয়ামী লীগের একজন সাংগঠনিক সম্পাদক পত্রিকাটিকে বলেন, গোপালগঞ্জে গত দুই দিনের ঘটনা দলীয় সিদ্ধান্তেই ঘটেছে। একইভাবে আরও ২৯টি জেলায় কর্মসূচি ছড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে তিনি দাবি করেন। তবে সব জেলায় গোপালগঞ্জের মতো পরিস্থিতি তৈরি করা সম্ভব না-ও হতে পারে, তাই যতটা সম্ভব চেষ্টা চালিয়ে যেতে বলা হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে দলটির একজন যুগ্ম সম্পাদক বলেছেন, এই কর্মসূচির মাধ্যমে তারা মূলত নিজেদের সাংগঠনিক শক্তি দেখাতে চান।

কোন কোন এলাকায় তৎপরতা

প্রতিবেদনে সূত্রের বরাতে বলা হয়েছে, গাজীপুর, নারায়ণগঞ্জ, বৃহত্তর ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, গাইবান্ধা, দিনাজপুর, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জের নেতা-কর্মীরা অনলাইনে নিজেদের মধ্যে যোগাযোগ বাড়িয়েছেন। ঢাকার প্রবেশমুখ সাভার ও আশুলিয়ায় তৎপরতার জন্য নেতৃত্ব ঠিক করে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে।

দলীয় নেতাদের দাবি, ২০২৪ সালের ৫ আগস্টের পর ভারতে চলে যাওয়া অনেক নেতা-কর্মী গোপনে দেশে ফিরেছেন। গ্রেপ্তারের আশঙ্কা থাকলেও তারা সাংগঠনিক কাজে ঝুঁকি নিতে প্রস্তুত বলে জানান তারা। স্বাধীনভাবে এসব দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

আট দফা দাবি

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক টাইমস অফ বাংলাদেশকে বলেছেন, ‘দেশ বাঁচাও, মানুষ বাঁচাও’ স্লোগান নিয়ে আট দফা দাবিতে এই লকডাউন ডাকা হয়েছে। তিনি জানান, কর্মসূচির সময় যানবাহন, দোকানপাট, কলকারখানা, সরকারি-বেসরকারি অফিস, ব্যাংক, আদালত ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার আহ্বান জানানো হয়েছে। যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগসহ সহযোগী সংগঠনগুলোকেও মাঠে থাকতে বলা হয়েছে।

দাবিগুলোর মধ্যে রয়েছে:

– আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাতিল

– শেখ হাসিনার ফাঁসির রায় ও তার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার

– দলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া

– আটক নেতাদের মুক্তি

– নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ

– বন্ধ কলকারখানা চালু

– মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা

– শিক্ষার্থীদের শিক্ষার অধিকার নিশ্চিত করা

পুলিশের প্রস্তুতি

লকডাউনকে ঘিরে ঝটিকা মিছিল, অগ্নিসংযোগ, ভাঙচুর ও হাতবোমা বিস্ফোরণের আশঙ্কায় সারা দেশে নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, গোয়েন্দা নজরদারি, তল্লাশিচৌকি ও টহল জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থাপনায় সিসিটিভির মাধ্যমে নজর রাখা হচ্ছে। সীমান্তবর্তী জেলাগুলোতে টহল বাড়ানো এবং কয়েকটি জেলায় বিজিবি মোতায়েনের কথাও জানানো হয়েছে। পুলিশের বিভিন্ন পর্যায়ে রদবদলও হয়েছে।

পুলিশ সদর দপ্তরের মুখপাত্র এআইজি কামারুম মুনিরা বলেন, নিষিদ্ধ কোনো সংগঠন যাতে নাশকতা চালাতে না পারে, সে জন্য পুলিশ সতর্ক রয়েছে। আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর সুযোগ কাউকে দেওয়া হবে না বলেও তিনি জানান।

অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার একজন কর্মকর্তা পত্রিকাটিকে বলেছেন, গত সপ্তাহে ছাত্রলীগের ধর্মঘটে গাড়িতে আগুন ও হাতবোমা বিস্ফোরণ এবং সুনামগঞ্জে একজন সাবেক সংসদ সদস্যের জমায়েতের পর ঢাকার বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণ হয়েছে। এতে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে, গোপালগঞ্জের ঘটনায় সেই উদ্বেগ আরও বেড়েছে। পোশাকশ্রমিকদের বেতন বাড়ানোর চলমান আন্দোলনের সুযোগ নিয়েও কেউ অস্থিরতা তৈরি করতে পারে বলে পুলিশ আশঙ্কা করছে।

মাঠে থাকতে বলা হয়েছে বিএনপির নেতা-কর্মীদের

টাইমস অফ বাংলাদেশের প্রতিবেদন অনুযায়ী, রাজনৈতিকভাবে পরিস্থিতি মোকাবিলায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদেরও মাঠে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে রাজধানীতে তৎপরতা বাড়ানো এবং প্রয়োজনে পুলিশের পাশে থেকে নাশকতা প্রতিহত করতে বলা হয়েছে। কে বা কারা এ নির্দেশ দিয়েছেন, প্রতিবেদনে তা স্পষ্ট করা হয়নি।