গাজীপুর কণ্ঠ ডেস্ক : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এসপায়ার টু ইনোভেটের প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীরকে রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার হিসেবে বদলিপূর্বক পদায়ন করা হয়েছে।
বৃহস্পতিবার (০৬ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ ২ শাখার উপসচিব ভাষ্কর দেবনাথ বাপ্পি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এসপায়ার টু ইনোভেটের প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীরকে রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার হিসেবে বদলিপূর্বক পদায়ন করা হয়েছে।
এদিকে, রাজশাহীর বিভাগীয় কমিশনারের দায়িত্ব থাকা সরকারের অতিরিক্ত সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকারকে সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। তাকে এরই মধ্যে অপর এক আদেশে নির্বাচন কমিশন সচিবালয়ে পদায়ন করা হয়েছে।
এর আগে ২০১৯ সালের ১৪ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে অতিরিক্ত সচিব পদমর্যাদার এ কর্মকর্তাকে রাজশাহী বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ দিয়ে আদেশ জারি হয়েছিল। বিভাগীয় কমিশনার নিয়োগের আগে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব ছিলেন মো. হুমায়ুন কবীর খোন্দকার।
ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।