গাজীপুরসহ ১০ জেলায় নতুন ডিসি

গাজীপুরসহ ১০ জেলায় নতুন ডিসি

গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুরসহ দেশের ১০ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে  গাজীপুর, ঢাকা, কুমিল্লা, ফেনী, পাবনা, লক্ষ্মীপুর, শরীয়তপুর, রাঙ্গামাটি, বান্দরবান ও টাঙ্গাইল জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৬ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে গাজীপুর, ঢাকা, রাঙামাটি, বান্দরবান, টাঙ্গাইল, পাবনা, শরীয়তপুর, লক্ষ্মীপুর, কুমিল্লা ও ফেনীতে নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়।

গাজীপুরের ডিসি আনিসুর রহমানকে ঢাকার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।

আদেশে গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমানকে ঢাকার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি করা হয়েছে। 

জননিরাপত্তা বিভাগের উপসচিব মোহাম্মদ মোশারফ হোসেন খানকে রাঙামাটি, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রের একান্ত সচিব (উপসচিব) শাহ্ মোজাহিদ উদ্দিনকে বান্দরবান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের একান্ত সচিব (উপসচিব) মো. কায়ছারুল ইসলামকে টাঙ্গাইল, স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মু. আসাদুজ্জামানকে পাবনার ডিসি করা হয়েছে।

পানি সম্পদ উপমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) আরিফুজ্জামানকে শরীয়তপুর, অর্থ বিভাগে সংযুক্ত উপসচিব সুরাইয়া জাহানকে লক্ষ্মীপুর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) খন্দকার ম. মুশফিকুর রহমানকে কুমিল্লা, অর্থনৈতিক সম্পর্ক বিভাগে সংযুক্ত উপসচিব মুছাম্মৎ শাহীনা আক্তারকে ফেনী এবং বিদ্যুৎ বিভাগের উপসচিব আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামকে গাজীপুর জেলার ডিসি করা হয়েছে।

অন্যদিকে ফেনীর ডিসি আবু সেলিম মাহমুদ-উল হাসানকে স্থানীয় সরকার বিভাগের উপসচিব, লক্ষ্মীপুরের ডিসি মো. আনোয়ার হোছাইন আকন্দকে স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব, রাঙামাটির ডিসি মোহাম্মদ মিজানুর রহমানকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব, বান্দরবানের ডিসি ইয়াছমিন পারভীন তিবরীজিকে বিদ্যুৎ বিভাগের উপসচিব এবং পাবনার ডিসি বিশ্বাস রাসেল হোসেনকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপসচিব পদে বদলি করা হয়েছে।