অলিগলি থেকেও পালাবার পথ পাবে না বিএনপি : কাদের

অলিগলি থেকেও পালাবার পথ পাবে না বিএনপি : কাদের

গাজীপুর কণ্ঠ ডেস্ক : ২৮ অক্টোবর বিরোধীদের কর্মসূচিকে কেন্দ্র করে আটঘাট বেঁধে নেমেছে আওয়ামী লীগ- এমন মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, এবার আক্রমণ হলে পাল্টা আক্রমণ। অলিগলি থেকেও পালাবার পথ পাবে না বিএনপি।

বুধবার (২৫ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘মুক্তিযুদ্ধের বিজয়কে সুসংহত করতে হলে বিজয়ের প্রধান শত্রু সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের আসল ঠিকানা বিএনপিকে পরাজিত করতে হবে। ২৮ অক্টোবর রাস্তা ছাড়বে না আওয়ামী লীগ। থাকবে সতর্ক অবস্থানে।’

তিনি বলেন, সব অপশক্তির বিশ্বস্ত ঠিকানা বিএনপিকে নির্বাচনে চিরতের পরাজিত করতে হবে। বিএনপির নরম কথায় জনগণকে বিশ্বাস না করার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সাধারণ বলেন, বিএনপির মুখে মধু, অন্তরে বিষ। দলটি বারবার দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।

এ সময় বিএনপির কর্মসূচির আগেই মাঠ দখলে রাখতে আজ ও আগামীকাল ঢাকা শহরের প্রতিটি ওয়ার্ডে মিছিল করতে দলীয় নেতা-কর্মীদের নির্দেশ দেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত নেতা অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।

নানক বলেন, ‘জ্যায়সা কুকুর ওইসা মুগুর’ দিতে হবে। ২৮ তারিখের পরে যদি বিএনপি কোনো কর্মসূচি দেয়। তাহলে আমাদের রাজপথে থাকতে হবে।

ঢাকা শহরকে ‘জয় বাংলা’র নগরীতে পরিণত করতে হবে উল্লেখ করে নানক বলেন, ‘২৮ অক্টোবরকে কেন্দ্র করে ঢাকা শহরে সন্ত্রাসী ঢুকে পড়েছে। আওয়ামী লীগ গণমানুষের দল, এই নগরীর মানুষকে অনিরাপদে ছেড়ে দেওয়া যাবে না। ২৮ তারিখ সকাল থেকে পাহারা বসাতে হবে। সারা দিন পাহারা দিয়ে দুপুর ২টায় নেতা-কর্মী নিয়ে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটের ‘শান্তি ও উন্নয়ন সমাবেশে’ হাজির হতে হবে। ১০ লাখ মানুষের উপস্থিতির মাধ্যমে প্রমাণ করতে হবে- এই দেশ জয় বাংলাদেশ। এ দেশ বঙ্গবন্ধুর দেশ। এ দেশের মানুষ শেখ হাসিনার পক্ষে।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম, ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, আফম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ।

যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ফজলে নূর তাপস, ঢাকা উত্তর সিটি করপোরেশন মেয়র আতিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গাজী মেসবাউল হোসেন সাচ্চু, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক ওয়ালী আসিফ ইনানসহ মহানগর ও জেলা আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।