ট্রাম্পের রিসোর্টের কাছে বাণিজ্যিক জেট বিধ্বস্ত, ৯ জনের মৃত্যু

দুর্ঘটনার কয়েক মুহূর্ত আগে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে পাইলটের কথোপকথনের অডিও অনুযায়ী উড়োজাহাজটি প্রতি মিনিটে ১০ হাজার ফুট নিচে নামছিল।

ট্রাম্পের রিসোর্টের কাছে বাণিজ্যিক জেট বিধ্বস্ত, ৯ জনের মৃত্যু

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে একটি আবাসিক এলাকায় একটি বাণিজ্যিক জেট বিধ্বস্ত হয়ে ৯ জন আরোহীর সবাই নিহত হয়েছেন। রোববার (১ নভেম্বর) এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন দেশটির পরিবহনমন্ত্রী শন ডাফি। 

বিধ্বস্ত হওয়ার আগে উড়োজাহাজটি অস্বাভাবিক দ্রুতগতিতে নিচে নামছিল বলে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন ও ফ্লাইটের তথ্য বিশ্লেষণে জানানো গেছে।

রবিবার (০১ নভেম্বর) স্থানীয় সময় দুপুর ১২টা ৫০ মিনিটে পাম বিচ কাউন্টির ক্রেস্টহ্যাভেন এলাকার কাছে এ দুর্ঘটনা ঘটে। এলাকাটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবকাশযাপনকেন্দ্র মার-এ-লাগো থেকে প্রায় ১৪ কিলোমিটার দূরে অবস্থিত।

দুর্ঘটনার পরের ছবিতে আবাসিক এলাকার একটি সড়কের মাঝখানে বড় গর্ত দেখা গেছে। সেখানে আগুনের চিহ্ন ছড়িয়ে ছিল। লিয়ারজেট ৬০ মডেলের উড়োজাহাজটির ভাঙা অংশ, কংক্রিটের টুকরা ও অন্যান্য ধ্বংসাবশেষ সড়কজুড়ে ছড়িয়ে পড়ে।

যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এক বিবৃতিতে জানিয়েছে, উড়োজাহাজটি টেক্সাসের অস্টিন থেকে উড্ডয়ন করে বাহামাসের উদ্দেশে যাচ্ছিল।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমের প্রতিবেদন ও ফ্লাইটের তথ্য বিশ্লেষণ থেকে ধারণা করা হচ্ছে, বিধ্বস্ত হওয়ার আগে উড়োজাহাজটি প্রতি সেকেন্ডে কয়েক শ ফুট গতিতে নিচে নামছিল।

সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, দুর্ঘটনার কয়েক মুহূর্ত আগে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে পাইলটের কথোপকথনের অডিও অনুযায়ী উড়োজাহাজটি প্রতি মিনিটে ১০ হাজার ফুট নিচে নামছিল।

এরপর পাইলট জরুরি পরিস্থিতির কথা জানান। সিবিএসের প্রতিবেদন অনুযায়ী: তিনি চিৎকার করে বলেন, ‘আমরা নিয়ন্ত্রণের বাইরে অতিরিক্ত গতিতে নিচে নামছি, প্রতি মিনিটে ২০ হাজার ফুট।’

এরপর পাইলট নিয়ন্ত্রণকক্ষকে বলেন, ‘আমরা বিধ্বস্ত হতে যাচ্ছি… আমাদের হাতে আর সময় নেই।’

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওর সত্যতা নিশ্চিত করা যায়নি। তবে এটি গাড়ির ড্যাশক্যামে ধারণকৃত দৃশ্য বলে ধারণা করা হচ্ছে। ভিডিওতে দেখা যায়, একটি আবাসিক এলাকার সড়ক দিয়ে গাড়ি চলছিল। হঠাৎ উড়োজাহাজটি প্রায় খাড়াভাবে নিচে নেমে মাটিতে আছড়ে পড়ে। মুহূর্তেই সেখানে বড় আগুনের গোলা তৈরি হয়।

দুর্ঘটনার পর সংবাদ সম্মেলনে ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস বলেন, ‘ভিডিওটি দেখলে যে কেউ স্তম্ভিত হয়ে যাবেন। মনে হয়, যেন একটি ক্ষেপণাস্ত্র নিচে নেমে আসছিল। এরপর বিশাল বিস্ফোরণ, চারদিকে ছড়িয়ে পড়ছে ধ্বংসাবশেষ।’

উড়োজাহাজটিতে কারা ছিলেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ডিস্যান্টিস বলেন, ‘এখন পর্যন্ত মাটিতে থাকা কেউ নিহত বা আহত হয়েছেন—এমন কোনো খবর আমরা পাইনি।’

পরিবহনমন্ত্রী শন ডাফি এ দুর্ঘটনাকে ‘ভয়াবহ মর্মান্তিক ঘটনা’ উল্লেখ করে তিনি জানিয়েছেন, তদন্তে সহায়তা করতে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন ঘটনাস্থলে একটি দল পাঠাচ্ছে। যুক্তরাষ্ট্রের জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ডের তদন্তে দলটি সহায়তা করবে।

ডাফি আরও বলেন, ‘দুর্ঘটনায় যাদের হারিয়েছি, তাদের পরিবার ও স্বজনদের জন্য প্রার্থনা করতে আমার সঙ্গে যোগ দিন।’

পাম বিচ কাউন্টির অগ্নিনির্বাপণ ও উদ্ধার বিভাগ ঘটনাটিকে ‘বহু হতাহতের ঘটনা’ হিসেবে ঘোষণা করেছে।

পাম বিচ কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, ছয় লেনের মিলিটারি ট্রেইল সড়কে দুর্ঘটনাটি ঘটে। ওই সড়কের পাশে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও খাবারের দোকান রয়েছে।

সংবাদ সম্মেলনে ডিস্যান্টিস ও স্থানীয় কর্মকর্তারা জানান, দুর্ঘটনাস্থলের কাছে একটি ট্রেলার-পার্ক এলাকায় বসবাসকারী প্রায় ৬০০ বাসিন্দাকে সরিয়ে নেওয়া হচ্ছে।

তারা আরও জানান, দুর্ঘটনার আঘাতে স্থানীয় অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। এর মধ্যে পানির সরবরাহ লাইনও রয়েছে। সড়কটি আবার চালু করতে অন্তত ৩০ দিন সময় লাগতে পারে।

দুর্ঘটনার সময় ওই এলাকায় বজ্রসহ বৃষ্টির খবর পাওয়া গিয়েছিল। সংবাদ সম্মেলনের সময়ও ভারী বৃষ্টি হচ্ছিল।

রবিবার সকালে মার-এ-লাগোতে ছিলেন ট্রাম্প। দুর্ঘটনার প্রায় এক ঘণ্টা আগে কাছের একটি বিমানবন্দর থেকে এয়ার ফোর্স ওয়ানে করে সেখান থেকে রওনা হন তিনি।