গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুরে সোহেল রানা (৪২) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি হিটস্ট্রোকে (গরমে) মারা গেছেন বলে ধারণা করছে পুলিশ।
শনিবার (২০ এপ্রিল) বিকালে কোনাবাড়ির জেলখানা রোডের জমিদার মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।
নিহত সোহেল রানা কাশিমপুর থানার এনায়েতপুর এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।
পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে কোনাবাড়ি থানার অফিসার (ওসি) কেএম আশরাফ উদ্দিন সংবাদ মাধ্যমকে বলেন, “সোহেল এনায়েতপুর এলাকায় তার এক ভাইয়ের সঙ্গে থাকতেন। গত কয়েকদিন ধরে ভারসাম্যহীন অবস্থায় কোনাবাড়ি এলাকায় ঘোরাফেরা করছিলেন তিনি। সকালে এলাকাবাসী কাশিমপুর কারাগার এলাকায় তাকে উলঙ্গ অবস্থায় দেখতে পায়। পরে কোনাবাড়ি থানা পুলিশ তাকে এক রিকশাচালকের মাধ্যমে এনায়েতপুর পাঠিয়ে দেয়। কিছুক্ষণ পরেই ওই ব্যক্তি কাশিমপুর কারাগার এলাকায় গিয়ে আবার ঘোরাফেরা করতে থাকেন। পরে দুপুরে জমিদার মাঠে তার লাশ দেখতে পেয়ে এলাকাবাসী থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
ওসি আরো বলেন, “তীব্র তাপদাহের কারণে হিটস্ট্রোকে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের পরে তার মৃত্যুর প্রকৃত কারণ বলা যাবে।