বাংলাদেশিদের জন্য ই-মেডিকেল ভিসা চালুর ঘোষণা মোদীর

বাংলাদেশিদের জন্য ই-মেডিকেল ভিসা চালুর ঘোষণা মোদীর

গাজীপুর কণ্ঠ ডেস্ক : বাংলাদেশি রোগীদের জন্য ই-মেডিকেল ভিসা সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

পাশাপাশি শিগগিরই রংপুরে সহকারী হাই কমিশন খোলার কথা বলেছেন তিনি।

শনিবার (২২ জুন) দিল্লিতে দুই দেশের প্রতিনিধি দলের বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে এসে তিনি এ ঘোষণা দেন।

এদিন হায়দ্রাবাদ হাউসে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন দুই দেশের দুই প্রধানমন্ত্রী।

নরেন্দ্র মোদী বলেন, “চিকিৎসার জন্য ভারতে আসা বাংলাদেশি নাগরিকদের জন্য ই-মেডিকেল ভিসা চালু করবে ভারত। বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের জনগণের সুবিধার্থে রংপুরে নতুন সহকারী হাই কমিশন খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

গত এক বছরে দুই নেতার মধ্যে বেশ কয়েকবার বৈঠক হয়েছে জানিয়ে মোদী বলেন, “এই সফরটির বিশেষত্ব হল- এনডিএ সরকারের তৃতীয় মেয়াদে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাই ভারতের প্রথম রাষ্ট্রীয় অতিথি।

“গত এক বছরে আমরা ১০ বার বৈঠক করেছি, কিন্তু আজকের বৈঠকটি বিশেষ; কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের তৃতীয় মেয়াদের সরকারের প্রথম রাষ্ট্রীয় অতিথি। আমাদের ‘প্রতিবেশী প্রথম’ নীতি, অ্যাক্ট ইস্ট পলিসি, ভিশন সাগর এবং ইন্দো-প্যাসিফিক ভিশনের জন্য বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত বছর আমরা বেশ কয়েকটি উন্নয়ন কার্যক্রম সম্পন্ন করেছি।”