বরগুনায় সেতু ভেঙে ১০ বরযাত্রী নিহত

বরগুনায় সেতু ভেঙে ১০ বরযাত্রী নিহত

গাজীপুর কণ্ঠ ডেস্ক : বরগুনার আমতলীতে বরযাত্রীবাহী একটি মাইক্রোবাস সেতু ভেঙে খালে পড়েছে। এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছে ১ জন।

শনিবার (২২ জুন) দুপুর ২টার দিকে হলদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, দুপুরে হলদিয়া ইউনিয়নের ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে একটি বরযাত্রীবাহী মাইক্রোবাস ও অটোরিকশা পার হওয়ার সময় ব্রিজ ভেঙে খালে পড়ে যায়। এ সময় অটোরিকশার যাত্রীরা বের হয়ে এলেও মাইক্রোবাসের যাত্রীরা বের হতে পারেনি। এঘটনায় আহতাবস্থায় উদ্ধার হওয়া চারজনকে হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে।

স্থানীয় হলদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান মিন্টু মল্লিক সংবাদ মাধ্যমকে জানান, আমতলী পৌর শহরে হলদিয়া ইউনিয়নের হলদিয়া গ্রামের মনির হাওলাদারের মেয়ের বিয়ে দেন। দুপুরে মনির হাওলাদারের নিকট আত্মীয়রা একটি মাইক্রোবাস ও একটি ব্যাটারিচালিত ইজিবাইককে চেপে মেয়ের জামাই বাড়িতে বৌভাত খেতে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

আমতলী থানার ওসি কাজী শাখাওয়াত হোসেন তপু সংবাদ মাধ্যমকে বলেন, নিহতদের মধ্যে ৯ জনকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে সাতজন নারী ও দুইটি শিশু। গাড়িটিতে আরও দু’জন যাত্রী ছিল। তাদের মধ্যে একজনের লাশ পাওয়া গেছে। বাকি নিখোঁজের সন্ধানে উদ্ধার অভিযান চলছে।

ঘটনাস্থলে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যানসহ স্থানীয় সংসদ সদস্য উপস্থিত ছিলেন।