গাজীপুর কণ্ঠ ডেস্ক : লন্ডনের হ্যামস্টেড ও হাইগেট আসন থেকে টানা চতুর্থবারের মতো বিজয়ী শেখ রেহানা ও বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক এমপি ব্রিটেনের মন্ত্রিসভায় প্রথম ব্রিটিশ-বাংলাদেশি মন্ত্রী হিসেবে নিযুক্ত হতে যাচ্ছেন। টিউলিপ সিদ্দিক স্যার কেয়ার স্টারমারের নতুন সরকারে ‘সিটি মিনিস্টার’ নিযুক্ত হচ্ছেন। তবে এখনও তা সরকার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি।
লেবার বিরোধী দলে থাকাকালীন সিদ্দিক এই পদে ছায়ামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। সদ্যসমাপ্ত নির্বাচনে ২৩ হাজার ৪৩২ ভোট পেয়ে টানা চতুর্থবারের মতো এমপি নির্বাচিত হন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির ডন উইলিয়ামস পান মাত্র ৮ হাজার ৪৬২ ভোট।
৪১ বছর বয়সী টিউলিপকে লেবার পার্টির অভ্যন্তরে নতুন প্রজন্মের তুমুল সম্ভাবনাময় রাজনীতিবিদ হিসেবে দেখেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। লেবার পার্টির নিরাপদ বা সেফ সিট নয়, এমন আসনে ২০১৫ সালের নির্বাচনে প্রথমবার লেবারের মনোনয়ন পেয়েই তুমুল প্রতিদ্বন্দ্বিতায় জিতে চমক সৃষ্টি করেন টিউলিপ।
টিউলিপ সিদ্দিক আগের কনজারভেটিভ সরকারের অধীনে এইচএসবিসির সাবেক ব্যাংকার বিম আফোলামির স্থলাভিষিক্ত হবেন।
বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা নিজের কন্যা ব্রিটেনের টানা চারবারের নির্বাচিত এমপি টিউলিপ সিদ্দিককে নিয়ে মন্তব্য করতে গিয়ে বলেছিলেন, আমার মেয়ে রাজনীতিতে তার জীবনটাকে উৎসর্গ করেছে। সবার কাছে তার জন্য দোয়া চাই।