অনির্দিষ্টকালের জন্য বন্ধ ভারতীয় ভিসা সেন্টার, সীমান্তে আটক ১২’শ বাংলাদেশি

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ভারতীয় ভিসা সেন্টার, সীমান্তে আটক ১২’শ বাংলাদেশি

গাজীপুর কণ্ঠ ডেস্ক : ছাত্র-জনতার গণঅভ্যত্থানের মুখে শেখ হাসিনার দেশ ত্যাগের পর উদ্ভূত পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির মানিকগঞ্জ সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় প্রায় ১২০০ জন বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

অপরদিকে অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে থাকা ভারতীয় সব ভিসা সেন্টার (আইভিএসিএস) বন্ধ ঘোষণা করা হয়েছে।

বুধবার (৭ আগস্ট) আইভিএসিএস তাদের ওয়েবসাইটে এক বার্তায় এই তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, অস্থিতিশীল পরিস্থিতির কারণে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব আইভিএসিএস বন্ধ থাকবে। পরবর্তী আবেদনের তারিখ ক্ষুদে বার্তার (এসএমএস) মাধ্যমে জানানো হবে এবং পরবর্তী কার্যদিবসে পাসপোর্ট সংগ্রহ করার জন্য অনুরোধ করা হচ্ছে।

এর আগে কোটা সংস্কার আন্দোলন‌ ঘিরে বিরাজমান প‌রি‌স্থি‌তির কারণে বুধবার পর্যন্ত সব ভারতীয় ভিসা সেন্টার বন্ধ ছিল।

জানা গেছে, পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির মানিকগঞ্জ সীমান্ত সীমান্তে কাঁটাতার না থাকায় চিলডাঙা গ্রামে জিরো পয়েন্টে ঢোকার চেষ্টা করছিলো বাংলাদেশিরা। সে সময় সীমান্ত পেরনোর আগেই প্রায় ১২০০অনুপ্রবেশকারীকে আটকে দেয় বিএসএফ। অনুপ্রবেশ রুখতে গ্রামে গ্রামে গিয়ে সতর্ক করছে বিএসএফ।

বিএসএফ-এর ৯২ ব্যাটেলিয়ানের অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট মনোজ কুমার গ্রামবাসীদের সঙ্গে আলোচনা করেছেন। সচেতন করেছেন। সবদিকে নজর দেওয়ার পরামর্শ দিয়েছিলেন। নতুনলোক দেখলে কথা বলার পরামর্শ দিয়েছিলেন। যাতে অনুপ্রবেশকারীদের চেনা যায়। মঙ্গলবারই জলপাইগুড়ির খারিজা বেরুবাড়ি নতুন সর্দার পাড়ায় গ্রামবাসীদের সঙ্গে বৈঠক করেন বিএসএফ।

প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করার পরেই বাংলাদেশ ও ভারতের সীমান্তে কড়া নজরদারি শুরু হয়। বিএসএফ কড়া নিরাপত্তার বলয় আরও আটোসাঁটো করে।