নিজস্ব সংবাদদাতা : কালিয়াকৈরের মৌচাক কলাবাধা এলাকায় একটি পুকুর থেকে এক নারী ও শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুর ১টা দিকে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে।
তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি। তাদের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। নিহত নারীর বয়স আনুমানিক ৩৫ বছর এবং শিশু ছেলের আড়াই বছর।
কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মহিদুল ইসলাম সংবাদ মাধ্যমকে জানান, মৌচাক কলাবাধা এলাকায় নজরুল ইসলামের পুকুরে ওই নারী ও শিশুর মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী। পরে তারা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। নিহতদের শরীরে আঘাতের কোন চিহ্ন নেই। ময়নাতদন্তের পর তাদের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। নিহতদের পরিচয় সনাক্তের জন্য পিবিআই ও সিআইডিকে খবর দেয়া হয়েছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।