গাজীপুর কণ্ঠ ডেস্ক : এখন থেকে কেউ মব জাস্টিস কিংবা কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করলে সেই স্থান থেকেই অপরাধীকে গ্রেপ্তার করা হবে। এক দিনও অপেক্ষা করবে না সরকার। ওখান থেকেই তুলে নিয়ে আসবে।
রোববার (৯ মার্চ) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম।
বিভিন্নস্থানে সংঘটিত নারী নির্যাতন ও হয়রানির বিষয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় আলোচনা হয়েছে জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন, ‘আইন হচ্ছে অন্ধ। যে-ই অপরাধী হন, তার জাত-পাত-বর্ণ দেখা হবে না। লিঙ্গ দেখা হবে না- নারী কী পুরুষ। যিনি মব জাস্টিস করেন না কেন- যতই ধার্মিক হোক, তাকে আজ থেকে আইনের আওতায় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গতকাল প্রধান উপদেষ্টার উপস্থিতিতে সিদ্ধান্ত হয়েছে, আগামীতে মব জাস্টিস পরিস্থিতি তৈরি হলে, থানা ঘেরাও থেকে শুরু করে কোনো ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি হলে, সরকার কঠোর ভূমিকায় থাকবে।’
তিনি বলেন, ‘মব জাস্টিস, এখানে-ওখানে গিয়ে ডাকাতি, এর-ওর সম্পত্তি দখল বা এ-জাতীয় যত ঝামেলা আছে, যত জটিলতা এই সমাজে তৈরি হয়েছে, অস্থিরতা এবং নৈরাজ্য সৃষ্টি হয়েছে, এখন থেকে এসব বিষয়ে জিরো টলারেন্সের ভূমিকা নেবে সরকার।’
নারী ও শিশু নির্যাতন রোধে সচেতনতা বাড়াতে সংস্কৃতি মন্ত্রণালয়ের সঙ্গে কর্মসূচি নেওয়া হবে জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন, ‘আইনশৃঙ্খলা সম্পর্কিত- মব জাস্টিস ইস্যু আছে, মিলিটেন্সি ইস্যু হয়তো সামনে আসতে পারে, আরও কিছু ইস্যু যেগুলো আছে, সেগুলো যেন মিডিয়ায় ভালোভাবে উপস্থাপিত হয়, সে বিষয়ে মনিটর করার চিন্তাভাবনা করা হচ্ছে। এসব তথ্য মিডিয়া কীভাবে ফোকাস করবে সে বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে মিডিয়াগুলোর সঙ্গে আলোচনা করা হবে। এই এস্টাবলিশমেন্টটা ঢেলে সাজানোর চেষ্টা করা হবে যেন জনগণ সঠিক তথ্যটা পেতে পারে।
মাহফুজ আলম বলেন, ‘ছয়-সাত মাস ধরে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বাংলাদেশের ভেতরে এবং ভারত থেকে কমিউনিকেশন ওয়ার-ফেয়ার চলছে। আমাদের জায়গা থেকে আমরাও এখন থেকে কাউন্টার কমিউনিকেশন ওয়ার-ফেয়ারে যাব।’