বিশেষ প্রতিনিধি : যুক্তরাজ্যভিত্তিক বিখ্যাত শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) র্যাংকিং ২০২৫-এ এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়গুলোর তালিকায় গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) দেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করেছে।
রোববার (২৭ এপ্রিল) গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখার সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ আব্বাস উদ্দিন এ তথ্য জানান।
তিনি জানান, গত বুধবার (২৩ এপ্রিল) টাইমস হায়ার এডুকেশন তাদের ওয়েবসাইটে এ র্যাংকিং প্রকাশ করে।
তালিকায় এশিয়ার ৩৫টি অঞ্চলের ৮৫৩টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। প্রকাশিত র্যাংকিংয়ে দেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় শীর্ষ স্থান অর্জন করেছে। পাশাপাশি, এশিয়া অঞ্চলের সেরা তালিকায় ৩৫১-৪০০ রেঞ্জের মধ্যে অবস্থান নিশ্চিত করেছে। জাতীয় পর্যায়ে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় তৃতীয় স্থান অধিকার করেছে। ৩৫১-৪০০ রেঞ্জের সেরা তিন বিশ্ববিদ্যালয়ের তালিকায় গাকৃবির পরেই রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়।
এর আগে, গত জানুয়ারি মাসে টাইমস হায়ার ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাবজেক্ট র্যাংকিং ২০২৫-এ গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় দেশসেরা হয়েছিল। বিশেষ করে লাইফ সায়েন্স ক্যাটাগরিতে দেশের সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম স্থান অর্জন করে গাকৃবি। এছাড়া, বিগত কয়েক বছর ধরে বিভিন্ন আন্তর্জাতিক র্যাংকিংয়েও গৌরবময় অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়।
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের এ অসামান্য অর্জনে সন্তুষ্টি প্রকাশ করে এ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, “টাইমস হায়ার এডুকেশন র্যাঙ্কিং ২০২৫-এ গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় দেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষস্থান অর্জন করার মাধ্যমে আমাদের বিশ্ববিদ্যালয়ের গবেষণা, শিক্ষা ও সম্প্রসারণ কার্যক্রমের আন্তর্জাতিক স্বীকৃতি নিশ্চিত হয়েছে। এটি আমাদের জন্য অত্যন্ত গৌরবের এবং আনন্দের বিষয়। এই অসাধারণ অর্জন বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, গবেষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, নিষ্ঠা এবং একাগ্রতার ফল। আমি তাঁদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।