বিশেষ প্রতিনিধি : গাজীপুর মহানগরীর বিভিন্ন স্থানে ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১০ জনকে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (২৭ এপ্রিল) দিবাগত মধ্যরাত থেকে সোমবার (২৮ এপ্রিল) সকাল পর্যন্ত কড্ডা ব্রিজ সংলগ্ন, বাইমাইল ব্রিজ, কোনাবাড়ি, ইসলামপুর, বাসন ও কারখানাবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের কারাদণ্ড প্রদান করে।
অভিযানে নেতৃত্ব দেন গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মো. মামুনুর রশীদ। এ সময় টঙ্গী রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মো. সাইদুজ্জামান হিমু এবং গাজীপুর সদরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন খান এলিস উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন খান এলিস জানান, রাতের আঁধারে কৃষিজমি থেকে অবৈধভাবে ভেকু দিয়ে মাটি কাটার খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় কারখানাবাজার এলাকা থেকে তিনজন এবং ইসলামপুর এলাকা থেকে সাতজনকে হাতেনাতে আটক করা হয়। অভিযানে চারটি ট্রাকও জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, ফসলি জমি থেকে অপরিকল্পিতভাবে মাটি কাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।