কালীগঞ্জে মেয়াদোত্তীর্ণ ও স্যাম্পল ওষুধ বিক্রির দায়ে জরিমানা

কালীগঞ্জে মেয়াদোত্তীর্ণ ও স্যাম্পল ওষুধ বিক্রির দায়ে জরিমানা

নিজস্ব সংবাদদাতা : কালীগঞ্জে মেয়াদোত্তীর্ণ, অনিবন্ধিত ও স্যাম্পল (নমুনা) ওষুধ বিক্রির দায়ে দুইজনকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৩০ এপ্রিল) দুপুরে কালীগঞ্জ পৌর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে এ দণ্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরী তাসমিন ঊর্মি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কালীগঞ্জের বিভিন্ন ফার্মেসিতে দীর্ঘদিন ধরে মেয়াদোত্তীর্ণ, অনিবন্ধিত ও স্যাম্পল ওষুধ বিক্রি হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে বুধবার দুপুরে পৌর এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। গাজীপুর জেলা ওষুধ প্রশাসনের তত্ত্বাবধায়ক তানজিনা আফরিনকে সঙ্গে নিয়ে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরী তাসমিন ঊর্মি।

অভিযানকালে ‘মেসার্স আয়াত ফার্মেসি’ থেকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ, অনিবন্ধিত ও স্যাম্পল ওষুধ জব্দ করে তা ধ্বংস করা হয়। একই সঙ্গে ‘ওষুধ ও কসমেটিকস আইন, ২০২৩’-এর ৪০ ধারার (খ) ও (গ) উপধারা অনুযায়ী মেসার্স আয়াত ফার্মেসির মালিক বালীগাঁও এলাকার জামাল উদ্দিনের ছেলে ইরফান আহমেদকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও একই অপরাধে দড়িসোম এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে খাইরুল ইসলাম শিশিরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

উল্লেখ্য, স্যাম্পল ওষুধ হলো উৎপাদনকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে চিকিৎসকদের ব্যবহারের জন্য বিনামূল্যে দেওয়া ওষুধ, যা বাজারজাত করার আগে ট্রায়াল হিসেবে ব্যবহৃত হয়। এসব ওষুধে সরকারি রাজস্ব আরোপ করা হয় না এবং এগুলোর ক্রয়-বিক্রয় আইনত নিষিদ্ধ। কিন্তু অধিক মুনাফার আশায় কিছু অসাধু ব্যবসায়ী এ ধরনের ওষুধ বিক্রি করে থাকেন।