গাজীপুরে ১০ লাখ টাকা চাঁদা দাবি, ছাত্রদল-যুবদল নেতাসহ আটক ১০

গাজীপুরে ১০ লাখ টাকা চাঁদা দাবি, ছাত্রদল-যুবদল নেতাসহ আটক ১০

বিশেষ প্রতিনিধি : গাজীপুর মহানগরীর পোড়াবাড়ী এলাকায় একটি সমবায় সমিতির ব্যবস্থাপকের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগে ছাত্রদল ও যুবদলের নেতাসহ ১০ জনকে আটক করেছে যৌথবাহিনী।

রোববার (১১ মে) দুপুরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো, গাজীপুর মহানগর ছাত্রদলের দপ্তর সম্পাদক ও সদর উপজেলার ভাওয়াল গাজীপুর গ্রামের বোরহান উদ্দিন (২৮), মহানগর যুবদলের আহ্বায়ক সদস্য ও দক্ষিণ সালনা এলাকার ইসমাইল হোসেন (৪০), মহানগর যুবদলের সদস্য ভাওরাইদ এলাকার মকবুল হোসেন (৪৩), ভোলা সদরের ইলিশা গ্রামের মো. জাহাঙ্গীর (৪০), দক্ষিণ সালনা এলাকার কবির হোসেন (৩২), বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দেওলি গ্রামের শফিকুল ইসলাম (৩৬), ঢাকার রূপনগর এলাকার মহিউদ্দিন (৩০), রংপুরের কোতোয়ালি থানার শাহিন ভূইয়া (৩৭), ভোলার বাগারহাওলা গ্রামের পলাশ হাওলাদার (৩১) ওনীলফামারির সৈয়দপুর থানার খিয়ারপাড়া গ্রামের রেজাউল করিম (৪২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পোড়াবাড়ীর ‘সৃজনী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড’ নামের একটি সমিতির অফিস রয়েছে। শাহীন মিয়া পূর্বে ওই সমিতির ম্যানেজার ছিলেন। তিনি বিভিন্ন সময়ে সমিতির প্রায় ১০ লাখ টাকা আত্মসাৎ করেন। বিষয়টি জানাজানি হলে কর্তৃপক্ষ তাকে চাকরি থেকে অপসারণ করে। পরে বর্তমান ম্যানেজার সোহেল রানা দায়িত্ব গ্রহণ করেন এবং সমিতির নির্দেশনা অনুযায়ী শাহীনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা দায়ের করেন।

রোববার দুপুরে শাহীনসহ ১০ জন সমিতি অফিসে গিয়ে বর্তমান ম্যানেজারের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন এবং প্রাণনাশের হুমকি দিয়ে দুটি ফাঁকা চেকে স্বাক্ষর নেন। খবর পেয়ে যৌথবাহিনী অভিযান চালিয়ে পোড়াবাড়ী এলাকা থেকে তাদের আটক করে গাজীপুর সদর থানায় হস্তান্তর করে।

গাজীপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) কায়সার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”