যুদ্ধবিরতি হলেও সিন্ধু পানি চুক্তি স্থগিতই রইল: ভারত-পাকিস্তান উত্তেজনা অব্যাহত

যুদ্ধবিরতি হলেও সিন্ধু পানি চুক্তি স্থগিতই রইল: ভারত-পাকিস্তান উত্তেজনা অব্যাহত

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : সাম্প্রতিক রক্তক্ষয়ী সংঘর্ষের পর ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে পৌঁছালেও দুই দেশের মধ্যে ১৯৬০ সালের ঐতিহাসিক সিন্ধু পানি বণ্টন চুক্তি এখনো কার্যকর হচ্ছে না।

বিষয়টি নিশ্চিত করেছে উভয় দেশের সরকারি সূত্র।

বিশ্বব্যাংকের মধ্যস্থতায় গৃহীত এই চুক্তির মাধ্যমে সিন্ধু নদী এবং এর উপনদীগুলোর পানি বণ্টনের কাঠামো নির্ধারণ করা হয়, যা পাকিস্তানের কৃষিখাতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ—দেশটির ৮০ শতাংশ চাষাবাদ এই পানির ওপর নির্ভরশীল।

তবে, গত মাসে কাশ্মীরে হিন্দু তীর্থযাত্রীদের উপর প্রাণঘাতী হামলার পর ভারত ইসলামাবাদকে দায়ী করে একতরফাভাবে চুক্তি স্থগিত করে দেয়। পাকিস্তান হামলার অভিযোগ অস্বীকার করে জানায়, তারা চুক্তি স্থগিতের বিষয়ে আন্তর্জাতিক আইনি পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি নিচ্ছে।

যুদ্ধবিরতিতে পানি চুক্তির আলোচনা হয়নি
পাকিস্তানের পানি মন্ত্রণালয়ের এক কর্মকর্তা রয়টার্সকে জানান, “সিন্ধু পানি চুক্তি যুদ্ধবিরতির আলোচনায় আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত ছিল না।” ভারতের এক ঊর্ধ্বতন সূত্রও জানিয়েছেন, “চুক্তি সংক্রান্ত ভারতের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি।”

এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পাকিস্তানের পানি মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।

অন্য নিষেধাজ্ঞাগুলোও বহাল
কাশ্মীর হামলার পর যেসব পাল্টা পদক্ষেপ নেওয়া হয়েছিল—যেমন বাণিজ্য স্থগিত, সীমান্ত বন্ধ, এবং প্রায় সব ধরনের ভিসা বন্ধ—সেগুলোও বহাল থাকবে বলে জানিয়েছেন ভারতের সরকারি কর্মকর্তারা।


গত বুধবার থেকে টানা সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই দেশের সীমান্ত বাহিনী। ভারত দাবি করে, পাকিস্তানের ভেতরে অবস্থিত সন্ত্রাসী ঘাঁটি লক্ষ্য করে তারা অভিযান চালায়। অবশেষে শনিবার সন্ধ্যায় দু’দেশ “সামরিক কার্যক্রম ও গোলাগুলি বন্ধে” সম্মত হয়। পাকিস্তান একে ‘যুদ্ধবিরতি চুক্তি’ হিসেবে অভিহিত করেছে।

সূত্র : রয়টার্স