গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : ভারতভিত্তিক কিছু ট্রাভেল এজেন্সির মালিক ও কর্মীদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।
সোমবার (১৯ মে) এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস জানান, এসব এজেন্সি যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসনে সহায়তা করেছে এমন প্রমাণের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রে ভারতীয় দূতাবাসের মাধ্যমে সংগৃহীত তথ্যের ওপর ভিত্তি করে অজানা সংখ্যক ব্যক্তির ওপর এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে টার্গেট করা ব্যক্তিদের নাম প্রকাশ করা হয়নি।
মুখপাত্র ব্রুস বলেন, “আমরা অবৈধ অভিবাসন চক্র ধ্বংসে এই ধরণের ট্রাভেল এজেন্সির মালিক, নির্বাহী এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে থাকব।” যদিও এসব এজেন্সি কীভাবে অবৈধ অভিবাসনে সহায়তা করেছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
এই পদক্ষেপ এমন সময়ে এলো যখন যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসন রোধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ব্যাপক অভিযান চালাচ্ছে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে অবস্থানরত ভারতীয় নাগরিকদের বারবার সতর্ক করা হচ্ছে নির্ধারিত সময়ের বেশি থাকলে তাদের দেশে ফেরত পাঠানো হবে এবং ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে।
সূত্র: রয়টার্স