কাশ্মীর সীমান্তে গুলিতে ভারতীয় সেনা নিহত

কাশ্মীর সীমান্তে গুলিতে ভারতীয় সেনা নিহত

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীর সীমান্তে এক ভারতীয় সেনা নিহত হয়েছেন। উপত্যকাটির আন্তর্জাতিক সীমান্তবর্তী সাম্বা জেলায় একটি সেনা চৌকিতে নিজের রাইফেলের গুলিতে তিনি নিহত হন বলে দাবি করা হচ্ছে।

নিহত ওই সেনা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

সংবাদমাধ্যমটি বলছে, জম্মু ও কাশ্মীরের সাম্বা জেলার আন্তর্জাতিক সীমান্তসংলগ্ন একটি সেনা চৌকিতে নিজের সার্ভিস রাইফেলের গুলিতে ওই সেনাসদস্য মারা গেছেন।

ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, রোববার বিকেলে এই ঘটনাটি ঘটে। মারা যাওয়া সেনার বয়স ২৮ বছর এবং তিনি তেলেঙ্গানা রাজ্যের বাসিন্দা ছিলেন।

নিহত হওয়ার সময় তিনি সাম্বা জেলার বর্ডার আউটপোস্ট সরোজে প্রহরার দায়িত্বে ছিলেন। সেখানেই হঠাৎ করে তার রাইফেল থেকে গুলি ছুটে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যার ঘটনা। তবে কেন তিনি এমন চরম সিদ্ধান্ত নিলেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ এ বিষয়ে তদন্ত কার্যক্রম শুরু করেছে। বিস্তারিত তথ্য এখনো তদন্তাধীন।

প্রসঙ্গত, ভারতের প্রতিরক্ষা বাহিনীর মধ্যে মানসিক চাপ ও আত্মহত্যার ঘটনা সাম্প্রতিক বছরগুলোতে উদ্বেগজনক হারে বেড়েছে।

বিশেষ করে সীমান্তবর্তী এলাকায় দীর্ঘ সময় ধরে কঠোর ডিউটির কারণে অনেকে মানসিক অবসাদে ভোগেন বলেও অভিমত দিয়েছেন বিশেষজ্ঞরা।