সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির স্বামীর দেশত্যাগে নিষেধাজ্ঞা, এনআইডি স্থগিতের আদেশ

সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির স্বামীর দেশত্যাগে নিষেধাজ্ঞা, এনআইডি স্থগিতের আদেশ

গাজীপুর কণ্ঠ ডেস্ক : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ও গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য মেহের আফরোজ চুমকির স্বামী বাংলাদেশ পেট্রোলিয়াম অ্যান্ড লুব্রিকেন্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী মুহাম্মদ মাসুদুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। একইসাথে তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক করার অনুমতিও দেওয়া হয়েছে।

রোববার (২৫ মে) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

দুদকের পক্ষে আবেদনে সহকারী পরিচালক আল-আমিন উল্লেখ করেন, মাসুদুর রহমানের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত দুই কোটি ৩১ লাখ ৬৬ হাজার ৮৫২ টাকার সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম সংবাদ মাধ্যমকে এ তথ্য জানান।

আবেদনে আরও বলা হয়, তার স্ত্রী মেহের আফরোজ চুমকি সরকারের দায়িত্বশীল পদে থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে এসব সম্পদ অর্জনে সহায়তা করেছেন। অভিযুক্ত সম্পদের মালিকানা ও ভোগদখল রাখার কারণে তাদের উভয়ের বিরুদ্ধেই মামলা হয়েছে।

মামলার তদন্ত চলমান থাকায় সুষ্ঠু তদন্তের স্বার্থে মাসুদুর রহমানের বিদেশগমন নিষিদ্ধ করার অনুরোধ জানানো হয়, যা আদালত মঞ্জুর করেন।

এর আগে, গত ২৩ মার্চ মেহের আফরোজ চুমকির বনানীর একটি ফ্ল্যাট এবং তার নামে থাকা পাঁচটি ব্যাংক হিসাব জব্দের আদেশ দেন একই আদালত। জব্দ করা ৩১১৫ বর্গফুটের ওই ফ্ল্যাটটির মূল্য ৩০ লাখ ৫১ হাজার টাকা এবং ব্যাংক হিসাবগুলোতে মোট ২ কোটি ৩২ লাখ ৮৭ হাজার ৪৫৮ টাকা রয়েছে।

উল্লেখ্য: ছাত্র–জনতার অভ্যুত্থানের আগে থেকেই প্রকৌশলী মুহাম্মদ মাসুদুর রহমান যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।