গাজীপুরে মোবাইল চোর সন্দেহে ফল ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

গাজীপুরে মোবাইল চোর সন্দেহে ফল ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

নিজস্ব সংবাদদাতা : গাজীপুর মহানগরীর কোনাবাড়ীর আমতলা (পারিজাত) এলাকায় মোবাইল চুরির অভিযোগে গণপিটুনিতে জুয়েল তালুকদার (৪৩) নামে এক মৌসুমি ফল ব্যবসায়ী নিহত হয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আব্দুল হক নামে আরেক ব্যক্তি।

রোববার (২৫ মে) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত জুয়েল নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার কেন্দুয়া বাজার এলাকার কছিমুদ্দিন তালুকদারের ছেলে। তিনি গত ছয় বছর ধরে গাজীপুরের কোনাবাড়ীর আমতলা এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। জন্ডিসে আক্রান্ত হয়ে চাকরি ছেড়ে দিয়ে ভ্যান চালানো এবং মৌসুমি ফল বিক্রির মাধ্যমে জীবিকা নির্বাহ করতেন।

কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাহউদ্দিন সংবাদ মাধ্যমকে জানান, স্থানীয় একটি বাসা থেকে মোবাইল চুরির ঘটনায় ওই বাড়ির সিসি ক্যামেরার ফুটেজ দেখে আব্দুল হকের মেয়েকে শনাক্ত করা হয়। পরে রবিবার সকালে মেয়েটি আবার একই বাসায় গেলে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। সে স্বীকার করে যে, মোবাইল চুরির ঘটনায় নিহত জুয়েল ও তার বাবা আব্দুল হক জড়িত ছিলেন এবং তারা মোবাইলটি বিক্রি করে দিয়েছেন।

এরপর উত্তেজিত এলাকাবাসী জুয়েল ও আব্দুল হককে ধরে পিটুনি দিলে ঘটনাস্থলেই জুয়েল মারা যান। আহত আব্দুল হককে আশঙ্কাজনক অবস্থায় গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।