রয়টার্স : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইসরায়েলের একটি পরিকল্পনায় ভেটো দিয়েছেন, যেখানে তারা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করার প্রস্তুতি নিচ্ছিল বলে জানিয়েছেন দুই মার্কিন কর্মকর্তা।
রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে তারা বলেন, “ইরানিরা এখনো পর্যন্ত কোনো আমেরিকানকে হত্যা করেনি। সুতরাং, ততক্ষণ পর্যন্ত আমরা ইরানের রাজনৈতিক নেতৃত্বকে লক্ষ্যবস্তু করব না,” বলেন এক শীর্ষ প্রশাসনিক কর্মকর্তা।
সূত্র অনুযায়ী, ইসরায়েল গত সপ্তাহে ইরানের ওপর একটি বড়সড় সামরিক হামলা চালিয়েছে, যার লক্ষ্য ছিল তেহরানের পারমাণবিক কর্মসূচিকে রুখে দেওয়া। এই প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে টানা যোগাযোগ চলছে।
ইসরায়েল দাবি করেছে, তারা ইরানের সর্বোচ্চ নেতার অবস্থান চিহ্নিত করেছে এবং তাকে হত্যার সুযোগও পেয়েছিল, কিন্তু ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে ওই পরিকল্পনায় ‘না’ বলা হয়।
যদিও কর্মকর্তারা নিশ্চিত করেননি যে ট্রাম্প নিজেই বার্তাটি সরাসরি দিয়েছেন কিনা, তবে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ঘন ঘন যোগাযোগ করছেন বলে জানানো হয়েছে।
এই প্রসঙ্গে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, “অনেক ভুল রিপোর্ট আসে, যেগুলো আদৌ কোনো কথোপকথনের ভিত্তিতে নয়। আমি এসব নিয়ে মন্তব্য করতে চাই না।” তবে তিনি জোর দিয়ে বলেন, “আমরা যা দরকার, তা করব। আর আমেরিকাও জানে তাদের জন্য কী ভালো।”
এদিকে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, তিনি এখনো ইরানের সঙ্গে পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা পুনরায় শুরু করার আশায় আছেন। তবে সাম্প্রতিক ইসরায়েলি হামলার কারণে ওমানে রোববারের জন্য নির্ধারিত আলোচনাটি বাতিল হয়ে গেছে।
ট্রাম্প রয়টার্সকে বলেন, “আমরা ইসরায়েলি হামলার বিষয়ে সবকিছু জানতাম।”