গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : ইরানি পুলিশ তেহরান প্রদেশের রে কাউন্টির ফাশাফুয়েহ জেলায় পৃথক দুটি অভিযানে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের দুই এজেন্টকে গ্রেপ্তার করেছে। অভিযানে বিপুল পরিমাণ বিস্ফোরক ও ড্রোনসংশ্লিষ্ট সরঞ্জাম জব্দ করা হয়।
ইরানের পুলিশ বাহিনীর মুখপাত্র সাঈদ মন্তাজের আল-মেহদি রোববার জানান, অভিযানে ২০০ কেজিরও বেশি বিস্ফোরক, ২৩টি ড্রোনের সরঞ্জাম, লঞ্চারসহ নানা ধরণের সামরিক যন্ত্রপাতি এবং একটি নিসান পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে।
এর আগে একইদিন সকালে তেহরান সংলগ্ন আলবোর্জ প্রদেশের সাভজবোলাঘ কাউন্টিতেও মোসাদের আরও দুই এজেন্টকে গ্রেপ্তার করা হয়।
সম্প্রতি ইসরায়েল ইরানের অভ্যন্তরে বিনা উসকানিতে আক্রমণ চালায়, যার মধ্যে আবাসিক ভবনেও হামলা হয়েছে। এই ঘটনার পর থেকেই মোসাদ বাহিনীর সদস্যরা ইরানের অভ্যন্তরে নাশকতা সৃষ্টির চেষ্টা করছে। ছোট আকারের বিস্ফোরকবোঝাই ড্রোন দিয়ে বেশ কয়েকটি স্থানে হামলার চেষ্টাও হয়েছে।
প্রতিক্রিয়াস্বরূপ, ইরানও বলিষ্ঠ জবাব হিসেবে ইসরায়েলের অভ্যন্তরে টেল আভিভ, জেরুজালেম, হাইফাসহ বিভিন্ন শহরে ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে। বর্তমানে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে জনজীবন কার্যত থমকে গেছে; ইসরায়েলিরা দিনভর বাংকারে অবস্থান করছে।