গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : হিজবুল্লাহ এবং সিরিয়ায় আসাদ সরকারের পতনের পর ডিসেম্বরে ইরানে হামলার পরিকল্পনা শুরু করে ইসরায়েল। নিউ ইয়র্ক টাইমসের এক বিস্তৃত প্রতিবেদনে এ দাবি করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের ফেব্রুয়ারিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হোয়াইট হাউস সফরকালে ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি উপস্থাপনা দেন।
ট্রাম্প শুরুতে সরাসরি হামলায় অংশ নেওয়া কিংবা একেবারে দূরে থাকা – এই দুই বিকল্পের পরিবর্তে মধ্যম একটি পথ বেছে নেন। তিনি ইসরায়েলকে মার্কিন গোয়েন্দা সংস্থার “অপ্রকাশিত সহায়তা” দেওয়ার সিদ্ধান্ত নেন, যাতে ইরানের বিরুদ্ধে হামলা বাস্তবায়নে সহায়তা করা যায়।
টাইমস জানায়, বিগত কয়েক মাসে ইরান সংক্রান্ত ট্রাম্পের অবস্থানে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার সকালে ফক্স নিউজে ইসরায়েলি সামরিক সাফল্য নিয়ে প্রচার দেখে ট্রাম্প নিজেও কিছুটা কৃতিত্ব দাবি করার লোভ সামলাতে পারেননি।
নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণে বলা হয়েছে, ট্রাম্পের পরামর্শ এবং সম্ভাব্য সম্পৃক্ততার পর বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরান পরিস্থিতি নিয়ে কূটনৈতিক সমাধানের খুব কম সম্ভাবনাই দেখা যাচ্ছে।