গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনিকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি বিতর্কিত মন্তব্য করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক পোস্টে তিনি সরাসরি ইঙ্গিত দিয়েছেন, ইরানের নেতা কোথায় আছেন তা তারা জানেন, তবে এখনই কোনো হামলা চালানো হবে না
ট্রাম্প তার পোস্টে লেখেন, “আমরা ঠিক জানি তথাকথিত ‘সর্বোচ্চ নেতা’ কোথায় লুকিয়ে আছেন। তিনি সহজ লক্ষ্যবস্তু, কিন্তু সেখানে নিরাপদ – আমরা তাকে বের করে (হত্যা!) আনবো না, অন্তত এখনই নয়।”
তিনি আরও যোগ করেন, “আমরা চাই না বেসামরিক নাগরিক বা আমেরিকান সৈন্যদের ওপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ হোক। আমাদের ধৈর্য ক্রমশ হ্রাস পাচ্ছে।”
এর আগে এক পোস্টে তিনি দাবি করেন, “ইরানের আকাশসীমা আমাদের নিয়ন্ত্রণে।”
এই দুই পোস্টের পরপরই ট্রাম্প আরেকটি সংক্ষিপ্ত কিন্তু কঠোর বার্তা দেন: “আনকন্ডিশনাল সারেন্ডার!” (নিঃশর্ত আত্মসমর্পণ!)
বিশ্লেষকরা বলছেন, এই বার্তাগুলো মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে। যদিও হোয়াইট হাউজ বা পেন্টাগনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।