ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে যুক্তরাজ্যের প্রতি আহ্বান ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁর

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে যুক্তরাজ্যের প্রতি আহ্বান ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁর

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যে তিন দিনের রাষ্ট্রীয় সফরের প্রথম দিনে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যুক্তরাজ্যের প্রতি আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

স্থানীয় সময় মঙ্গলবার (৮ জুলাই) পার্লামেন্টে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ‘এটাই একমাত্র শান্তির পথ।’

গাজায় অব্যাহত ইসরায়েলি বর্বরতায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে ম্যাক্রোঁ বলেন, ‘গাজা ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। প্রতিদিন পশ্চিম তীরে হামলা হচ্ছে। ফিলিস্তিন রাষ্ট্রের ধারণা কখনো এতটা বিপন্ন হয়নি।’

তিনি বলেন, ‘দুই রাষ্ট্রভিত্তিক সমাধান এবং ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি প্রদানই অঞ্চলজুড়ে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার একমাত্র উপায়।’

অর্ধঘণ্টার ওই বক্তৃতায় ম্যাক্রোঁ দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী আন্তর্জাতিক শৃঙ্খলা রক্ষায় ফ্রান্স ও যুক্তরাজ্যের একসঙ্গে কাজ করার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি ইউক্রেন ইস্যুতে ইউরোপের ঐক্য বজায় রাখার প্রতিশ্রুতি দেন তিনি।

বক্তব্যের পর উইন্ডসর ক্যাসেলে এক রাজকীয় নৈশভোজে অংশ নেন প্রেসিডেন্ট ম্যাক্রোঁ এবং রাজা চার্লস তৃতীয়। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, সঙ্গীত তারকা এলটন জন ও মিক জ্যাগার-সহ সকল অতিথিদের সামনে ম্যাক্রোঁ বলেন, ফ্রান্স ও যুক্তরাজ্যের মধ্যে মৈত্রীর সম্পর্ক আজও সমান গুরুত্বপূর্ণ, বিশেষ করে এই জটিল বৈশ্বিক পরিস্থিতিতে।

সূত্র: ব্লমবার্গ