গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে পারুল রোজারিও (৫০) নামের এক নারী মদ ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার বাড়ি থেকে চোলাইমদ তৈরির ১৫ লিটার উপকরণ ‘জাওয়া (ওয়াশ)’ জব্দ করা হয়।
বুধবার (৯ জুলাই) দুপুরে উপজেলার বোয়ালী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার পারুল রোজারিও বোয়ালী গ্রামের অতুল রোজারিওর স্ত্রী। তিনি পেশাদার চোলাইমদ উৎপাদন ও বিক্রয়ের সঙ্গে জড়িত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে , গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শান্তি চন্দ্র দাসের নেতৃত্বে বোয়ালী এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে পারুল রোজারিওর বাড়ির রান্নাঘরে তল্লাশি চালিয়ে চোলাইমদ তৈরির ১৫ লিটার উপকরণ ‘জাওয়া (ওয়াশ)’ জব্দ করা হয়। পরে তাকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন।