টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পোশাক শ্রমিক নিহত

টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পোশাক শ্রমিক নিহত

গাজীপুর কণ্ঠ ডেস্ক : টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মাহফুজুর রহমান (২১) নামের এক পোশাক শ্রমিক নিহত হয়েছে।

বুধবার (৯ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আব্দুল্লাহপুর ফ্লাইওভার থেকে সেনা কল্যাণ ভবনের দিকে নামার সংযোগ সড়কে এ ঘটনা ঘটে।

নিহত মাহফুজুর বরিশাল সদর উপজেলার হায়াতসার গ্রামের ফরিদ উদ্দিনের ছেলে। তিনি টঙ্গী পূর্ব থানার ব্লু ফ্যাশন নামের একটি গার্মেন্টসে শ্রমিক হিসেবে কাজ করতেন।

পুলিশ জানায়, রাত সাড়ে ১২টার দিকে কাজ শেষে বাসায় ফেরার পথে ফ্লাইওভারের সংযোগ সড়কে সড়ক ও জনপদ অফিসের সামনে পৌঁছালে অজ্ঞাত ছিনতাইকারীরা তার উপর হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে মাহফুজুরের ডান পায়ের উরুর পেছনে আঘাত করে পালিয়ে যায়। ঘটনার সময় কাছাকাছি ডিউটিতে থাকা পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে একটি সিএনজিতে তুলে দেন। পরে চালক তাকে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) ইস্কান্দার হাবিবুর রহমান জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে। ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে।